মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) আমদানিতে বড় পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্যের বদলে দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশই আমদানি করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। আমেরিকা থেকে কিনতে হচ্ছে বেশি দামে, আবার দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশে আনতেও জাহাজভাড়া বেশি পড়ছে। আর এতেই দেশে এলপি গ্যাসের দাম বেড়েছে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এলপিজি দাম বাড়ার কারণ বিশ্লেষণ করে এক প্রেস বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠিয়েছে। সেখান থেকেই এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে দাম বাড়ার নিজেদের বিশ্লেষণ তুলে ধরেছে।
লোয়াব জানায়, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে। হরমুজ প্রণালী ও বাব-এল-মান্দেব রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বাতিল হয়ে গেছে অনেক পুরোনো সরবরাহ চুক্তি। এই অবস্থায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। তাই যুদ্ধ শুরুর আগেই দূরদর্শী পদক্ষেপ নেয় সরকার। শুরু হয় আমেরিকা থেকে এলপিজি আমদানি। এর ফলেই বৈশ্বিক সংকটের মধ্যেও দেশে গ্যাস সরবরাহ এখনো স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
কিন্তু আমেরিকা থেকে গ্যাস আনার বড় নেতিবাচক দিক হলো খরচ। মধ্যপ্রাচ্যের তুলনায় আমেরিকা থেকে বাংলাদেশের সমুদ্রপথ অনেক দীর্ঘ। বিশ্বজুড়ে গ্যাস বহনকারী বিশেষায়িত জাহাজেরও তীব্র সংকট চলছে। ফলে আন্তর্জাতিক জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেড়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজারের চড়া দাম।
লোয়াব জানায়, এলপিজি দামের ৮০ শতাংশই নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর। ভ্যাট-ট্যাক্স, পরিবহন ও মুনাফা মিলিয়ে দেশীয় খরচ মাত্র ২০ শতাংশ। আন্তর্জাতিক বাজারে গত এক বছরে গ্যাসের কাঁচামালের দাম ২১ শতাংশ বেড়েছে। ২০২৫ সালে সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) ছিল গড়ে ৫৫২ ডলার। ২০২৬ সালের এই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ ডলারে। নভেম্বরে গ্যাসের গড় মূল্য দাঁড়িয়েছে ৭৫৯ ডলার। ফলে ফেব্রুয়ারিতে যেখানে প্রতি কেজি এলপিজি ১১৩ টাকা ছিল, নভেম্বরে তা ১৭১.৬৮ টাকায় ঠেকেছে। এর পাশাপাশি ডলারের বিপরীতে টাকার মান ৩ শতাংশ কমে যাওয়ায় আমদানি খরচ আরও বেড়েছে।
অনেকেই ভারতের এলপিজির দামের সঙ্গে বাংলাদেশের তুলনা করেন। লোয়াব এরও একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। ভারতে এলপিজিতে সরকার বিশাল আর্থিক সহায়তা দেয়। ২০২৫-২৬ অর্থবছরে ভারত সরকার এলপিজিতে প্রায় ৩০ হাজার কোটি রুপি বা ৩.১ বিলিয়ন ডলার ভর্তুকি দিচ্ছে। বাংলাদেশে এমন কোনো ভর্তুকি নেই। ভর্তুকির পাশাপাশি অবকাঠামোগত পার্থক্যও বড় কারণ। ভারতের গভীর সমুদ্রবন্দর আছে। সেখানে বড় জাহাজ সরাসরি ভিড়তে পারে। গ্যাস খালাসে সময় লাগে মাত্র ৩-৪ দিন। অন্যদিকে বাংলাদেশে পর্যাপ্ত ড্রাফট না থাকায় গভীর সমুদ্রে ছোট জাহাজে লাইটারিং করতে হয়। এতে সময় লেগে যায় প্রায় ২৫ দিন। এই বাড়তি সময়ের কারণে একটি বড় জাহাজের পেছনে দৈনিক ২ লাখ ডলার হিসেবে ২০ দিনে প্রায় ৪০ লাখ ডলার বাড়তি খরচ হয়! এই বিশাল খরচ সরাসরি ভোক্তাদের ঘাড়েই চাপে। তাছাড়া ভারতের মোট চাহিদার অর্ধেক গ্যাস তাদের নিজস্ব শোধনাগারেই তৈরি হয়।
এই সংকট থেকে মুক্তির উপায় কী? লোয়াব বলছে, মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল হলে এলপিজির দাম কিছুটা কমে আসবে। তবে সাধারণ মানুষের যেন হয়রানি না হয়, সেদিকে কঠোর নজর রয়েছে তাদের। সরকার নির্ধারিত দামেই এলপিজি বিক্রির নির্দেশ দিয়েছে লোয়াব। কোনো অসাধু চক্র বা খুচরা বিক্রেতা বেশি দাম নিলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
এদিকে গত ২ নভেম্বর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দুই হাজার ৬০ টাকা।
এর আগের মাসেও এলপিজির দাম উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছিল। সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে বিইআরসি দাম ২৫২ টাকা বাড়িয়ে কএ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।