Image description

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চলছে। এরই মধ্যে সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের প্রস্তাবও দিয়েছেন। তবে মজুরি নিয়ে আলোচনা চললেও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও কারখানায় ভাঙচুরের ঘটনা থামেনি।

এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে যাওয়ার কথা ভাবছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। শ্রমিকেরা কাজে যোগ না দিলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তারা। এ ক্ষেত্রে বেআইনি ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকদের মজুরি না দেওয়ার সুযোগ রয়েছে।

কিন্তু কারখানা বন্ধ হলে কি সব শ্রমিকের বেতন বন্ধ হয়ে যাবে? শ্রমিকরা কাজে না গেলেই কি মালিকরা ‘কাজ নেই, বেতন নেই’ নীতি কার্যকর করতে পারবেন? শ্রম আইনে এ বিষয়ে কী বলা আছে?

 

‘কাজ নেই, বেতন নেই’ নীতি কী?

‘কাজ নেই, বেতন নেই’ বা ‘নো ওয়ার্ক, নো পে’ বলতে বোঝায়, কোনো শ্রমিক কাজ না করলে সংশ্লিষ্ট সময়ের জন্য তিনি মজুরি পাবেন না। তবে বাংলাদেশে এটি মালিকের ইচ্ছামতো প্রয়োগযোগ্য কোনো সাধারণ নিয়ম নয়। শ্রমিকের অনুপস্থিতির কারণ, ধর্মঘটের বৈধতা এবং কারখানা বন্ধের পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রম আইনের নির্দিষ্ট বিধান অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হয়।

শ্রম আইনের ১৩(১) ধারায় বেআইনি ধর্মঘটের কারণে কারখানা বন্ধ এবং ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকদের মজুরি না দেওয়ার বিধান রয়েছে।

 

শ্রম আইনের ১৩(১) ধারায় কী বলা আছে?

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর দ্বিতীয় অধ্যায়ের ১৩ নম্বর ধারায় প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে বিধান রয়েছে। এর ১৩(১) উপধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা বা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

অর্থাৎ, কোনো কারখানায় বেআইনি ধর্মঘটের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেলে মালিকপক্ষ এ ধারার আশ্রয় নিতে পারে। তবে শুধু শ্রমিকেরা কাজে যোগ দেননি কিংবা উৎপাদন বন্ধ রয়েছে—এমন পরিস্থিতিই ১৩(১) ধারা প্রয়োগের জন্য যথেষ্ট নয়। ধর্মঘটটি আইন অনুযায়ী বেআইনি কি না, সেটি বিবেচনা করতে হবে।

 

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের আন্দোলন, ছবি: জাগো নিউজ
 
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের আন্দোলন, ছবি: জাগো নিউজ

 

কোন ধর্মঘট বেআইনি বলে বিবেচিত হবে?

শ্রম আইনের ২১১ ধারায় ধর্মঘট ও লকআউটের নোটিশ এবং এ-সংক্রান্ত প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ২২৭ ধারায় বেআইনি ধর্মঘট ও লকআউটের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।

আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে ধর্মঘট শুরু বা অব্যাহত রাখা, শিল্প বিরোধ নিষ্পত্তির আইনি প্রক্রিয়া লঙ্ঘন করা কিংবা শ্রম আদালত বা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ধর্মঘট চালালে তা বেআইনি হিসেবে বিবেচিত হতে পারে।

তাই পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ, কর্মবিরতি কিংবা কাজে যোগ না দেওয়ার ঘটনাগুলো আইনের কোন পর্যায়ে পড়ে, তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। শ্রমিকদের কাজে অনুপস্থিতি এবং আইন অনুযায়ী বেআইনি ধর্মঘট এক বিষয় নয়।

 

কারখানা বন্ধ হলে সব শ্রমিক কি বেতন পাবেন না?

এ প্রশ্নের উত্তর রয়েছে শ্রম আইনের ১৩(২) উপধারায়। এতে বলা হয়েছে, কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে সেটি বন্ধ করে দেওয়ার পর অন্য কোনো শাখা বা বিভাগও যদি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে সেটি চালু রাখা সম্ভব নয়, তাহলে সেটিও বন্ধ করে দেওয়া যাবে।

তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকদের জন্য আলাদা বিধান রয়েছে। তাদের সর্বোচ্চ তিন দিন পর্যন্ত লে-অফের ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণের সমপরিমাণ মজুরি দিতে হবে। তিন দিনের বেশি সময়ের জন্য তারা মজুরি না-ও পেতে পারেন।

অর্থাৎ, যে বিভাগে বেআইনি ধর্মঘট হয়েছে, সেই বিভাগের শ্রমিক এবং ধর্মঘটের কারণে কাজ চালিয়ে যেতে না পারা অন্য বিভাগের শ্রমিকদের মজুরির বিধান এক নয়। প্রথম ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা মজুরি পাবেন না। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত অন্য বিভাগের শ্রমিকদের সর্বোচ্চ তিন দিন পর্যন্ত লে-অফের ক্ষতিপূরণের সমপরিমাণ মজুরি দেওয়ার বিধান রয়েছে।

 

পোশাক কারখানার সামনে বিজিবি সদস্যদের অবস্থান, ফাইল ছবি
 
পোশাক কারখানার সামনে বিজিবি সদস্যদের অবস্থান, ফাইল ছবি

 

লে-অফ হলে ক্ষতিপূরণ কত?

শ্রম আইনের ১৬ ধারায় লে-অফকৃত শ্রমিকদের ক্ষতিপূরণের অধিকার নির্ধারণ করা হয়েছে। আইন অনুযায়ী, বদলি বা সাময়িক শ্রমিক নন, এমন কোনো শ্রমিকের নাম প্রতিষ্ঠানের শ্রমিক রেজিস্টারে থাকলে এবং তিনি মালিকের অধীনে অন্তত তিন মাস চাকরি সম্পন্ন করলে লে-অফের ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

ক্ষতিপূরণের পরিমাণ হবে সংশ্লিষ্ট শ্রমিকের মূল মজুরি, মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি থাকলে তার অর্ধেকের সমান। এর সঙ্গে তিনি লে-অফ না হলে যে আবাসিক ভাতা পেতেন, তার সম্পূর্ণ অর্থ যুক্ত হবে। সাপ্তাহিক ছুটির দিন এ হিসাবের বাইরে থাকবে।

তবে ১৩(২) ধারায় অন্য বিভাগের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য তিন দিনের যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে, সেটি লে-অফের সাধারণ বিধান থেকে আলাদা করে দেখতে হবে।

 

কারখানা বন্ধের আগে কী করতে হবে মালিকদের?

শ্রম আইনের ১৩(৩) উপধারা অনুযায়ী, এ ধরনের বন্ধের বিষয়টি মালিককে যথাশীঘ্র সম্ভব সংশ্লিষ্ট শাখা বা বিভাগের নোটিশ বোর্ডে অথবা প্রতিষ্ঠানের প্রকাশ্য স্থানে নোটিশ দিয়ে জানাতে হবে। একইভাবে কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়টিও নোটিশের মাধ্যমে জানাতে হবে।

অর্থাৎ, শুধু কারখানা বন্ধের ঘোষণা দিলেই হবে না; আইন অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিকদের অবহিত করার বাধ্যবাধকতাও রয়েছে।

এ ছাড়া বেআইনি ধর্মঘট ও লকআউটের ক্ষেত্রেও শ্রম আইনে শাস্তির বিধান রয়েছে। ২৯৪ ধারায় বেআইনি ধর্মঘট শুরু বা অব্যাহত রাখার জন্য শ্রমিকের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে, বেআইনি লকআউট শুরু বা অব্যাহত রাখার জন্য মালিকের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।

 

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ফাইল ছবি
 
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ফাইল ছবি

 

১৩(১) ধারা ও ১২ ধারার পার্থক্য কী?

শ্রম আইনের ১২ ধারায় কাজ বন্ধ রাখার বিষয়ে আলাদা বিধান রয়েছে। অগ্নিকাণ্ড, আকস্মিক বিপত্তি, যন্ত্রপাতি বিকল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ, মহামারি, ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা কিংবা মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত অন্য কোনো কারণে প্রয়োজন হলে মালিক কারখানার কোনো শাখা বা পুরো প্রতিষ্ঠান আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ রাখতে পারেন।

এ ক্ষেত্রে কাজ বন্ধ থাকার পরিস্থিতি ও সময়সীমা অনুযায়ী শ্রমিকদের মজুরি এবং লে-অফের ক্ষতিপূরণের বিধান রয়েছে। অন্যদিকে, ১৩(১) ধারা মূলত বেআইনি ধর্মঘটের কারণে প্রতিষ্ঠান বন্ধ রাখার ক্ষেত্রে প্রযোজ্য। ফলে দুটি ধারার প্রয়োগ ও মজুরি পাওয়ার নিয়ম এক নয়।

 

মজুরি বোর্ড গঠনের পরও কেন আন্দোলন?

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। মালিকপক্ষের প্রতিনিধিরা পরবর্তী সভায় নিজেদের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন। আগামী ১৬ নভেম্বর বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, শ্রমিকদের আন্দোলনের কারণে গত ১১ নভেম্বরও ঢাকার সাভার ও আশুলিয়া এবং গাজীপুর এলাকায় ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সাভার-আশুলিয়ায়, ১৪০টি। এর আগে বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এ পরিস্থিতিতে শ্রমিকেরা কাজে যোগ না দিলে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক না হলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে জরুরি সাধারণ সভা (ইজিএম) ডাকা হয়েছে।

 

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, ফাইল ছবি
 
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, ফাইল ছবি

 

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না। গতকাল সভায় সিদ্ধান্ত হয়েছে, আজ পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, মালিকপক্ষ মজুরি নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনার পাশাপাশি কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকলে তা মেনে নেওয়া সম্ভব নয়। আলোচনার পরিবেশ বজায় রাখতে হলে শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও শৃঙ্খলাও নিশ্চিত করতে হবে।