শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে জড়িত না হয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, নাটক ও ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
তিনি বলেন, ‘আজকাল কী একটা শুরু হয়েছে, কথায় কথায় মিছিল, মিটিং, অবরুদ্ধ। এগুলো খুব খারাপ জিনিস। মানুষের মানসিকতা ও মূল্যবোধ নষ্ট করে। শিক্ষার্থীদের আদর্শ হবে লেখাপড়া, খেলাধুলা, গান-বাজনা, কবিতা ও ধর্মকর্ম। ক্লাসে যতক্ষণ থাকবে, পড়াশোনা করবে। ক্লাসের বাইরে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেবে।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনকালে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব আবদুল খালেক রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় তার সাথে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, অফিস কক্ষসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের বিষয়ে সিনিয়র সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশনা দেন।
শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে আবদুল খালেক বলেন, শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিক্ষকদের বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষ দেখবে। শিক্ষার্থীদেরও কোনো ধরনের ভুল না করার পাশাপাশি বিনয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।
নিজের সন্তানদের শিক্ষাজীবনের উদাহরণ টেনে সিনিয়র সচিব বলেন, তাঁর দুই মেয়ে ও এক ছেলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ কাজে লাগাতে হবে।
পরিদর্শন শেষে তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।