গাজীপুরের টঙ্গীতে আটকের পর পুলিশের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আরিফ নামের এক কর্মীকে কৌশলে ছিনিয়ে নিয়েছে নারীরা। স্থানীয় নারীরা পুলিশ সদস্যদের ঘেরাও করলে এই সুযোগে পালিয়ে যায় আরিফ।
বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে টঙ্গীর মুদাফা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী আরিফকে আটকের জন্য পুলিশ ঘেরাও করে।
এ সময় স্থানীয় নারীরা পুলিশ সদস্যদের ঘিরে মানবপ্রাচীর তৈরি করলে সুযোগ পেয়ে পালিয়ে যায় আরিফ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জিএমপির টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল বুধবার রাত ১২টার দিকে টঙ্গীর মুদাফা এলাকায় যায়। সেখানে স্থানীয় ছাত্রলীগ নেতা আরিফকে আটক করে পুলিশের গাড়ির দিকে নিয়ে যায়। এ সময় স্থানীয় নারীরা আসামিসহ পুলিশকে মানবপ্রাচীর করে ঘিরে ফেলে।
এই ফাঁকে আসামি দৌড়ে পালিয়ে যান।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, গাড়িতে তোলার আগেই স্থানীয় নারীরা পুলিশকে ঘেরাও করায় কৌশলে আরিফ পালিয়ে যায়।
শীর্ষনিউজ