Image description

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।

তবে শুনানির আগে এদিন দুপুরে মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানান। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাকে প্রিজন ভ্যান থেকে না নামিয়েই সেখান থেকে চলে আসেন। পরে প্রিজন ভ্যানের ভেতর থেকে জিয়াউল আহসানকে নিজের নিরাপত্তা নিয়ে বিভিন্ন আশঙ্কার কথা বলতে শোনা যায়। একপর্যায়ে পুলিশ কর্মকর্তারা এসে তাকে হাতকড়া ছাড়াই প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের গারদে নিয়ে যান। এ সময় সেখানে জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নীহার উপস্থিত ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

মামলায় সাবেক আইজিপি শহীদুল হকসহ গ্রেপ্তার হওয়া অপর আসামিরা হলেন— জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা। মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা আনা হয়েছে।