Image description

দেশের জ্বালানি চাহিদা মেটাতে জাপানের জেরা (জিইআরএ) গ্লোবাল মার্কেটসসহ চারটি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

একই বৈঠকে ২০২৭ সালের পবিত্র রমজান মাসের জন্য ছয় হাজার ২০০ টন খেজুর কেনার দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময়সীমা কমানোর নীতিগত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক সংযোগ স্থাপনের জন্য সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে ২০০৬ সালের সরকারি ক্রয় আইনের ৬৮ ধারা এবং ২০২৫ সালের সরকারি ক্রয়বিধির ৯৯(২) বিধি অনুসরণ করা হবে।

এ ছাড়া পেট্রোবাংলা ও জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) চূড়ান্ত কাঠামো এবং শর্তপত্র স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

একই আইনি বিধান অনুসরণ করে সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেডের কাছ থেকেও সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।

 

পাশাপাশি নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিতেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড এবং উজ্জি জেমস বিহাইভের কাছ থেকেও সরাসরি এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলএনজি কেনার তিনটি প্রস্তাবই বৈঠকে উপস্থাপন করে।

অন্যদিকে, ২০২৭ সালের রমজান মাসের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর কেনার ক্ষেত্রে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময় কমানোর সুপারিশ করেছে কমিটি।

জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনের কথা উল্লেখ করে ২০২৫ সালের সরকারি ক্রয়বিধির ১০২(১)(ক) বিধি অনুসারে বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাব উপস্থাপন করে।

বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের আওতায় সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণের নীতিগত প্রস্তাবও অনুমোদন করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ প্রস্তাবটি উপস্থাপন করে। প্রস্তাবিত প্রকল্পের নাম ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’।