Image description

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কাজে যোগদান থেকে বিরত থাকা ও ভাঙচুর করার অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের টানানো অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা নোটিশ দেখতে পান।

বন্ধ ঘোষণা করা দুটি পোশাক কারখানা হলো- কোনাবাড়ী এলাকায় এম এম নীট ওয়্যার লিমিটেড ও মামুন নীট ওয়্যার লিমিটেড। ওই দুটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়।

এম এম নীট ওয়্যার লিমিটিডের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের সহ-ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (১০ই নভেম্বর) মধ্যাহ্ন বিরতির পর হতে শ্রমিকরা কাজে যোগদান থেকে বিরত থাকেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনও যৌক্তিক কারণ ছাড়া তারা কারখানাতে উপস্থিত থেকেও কাজ করা থেকে বিরত থাকেন। পরে শ্রমিকরা কারখানা বিভিন্ন উৎপাদন ফ্লোরের শ্রমিকদের নিচে নামিয়ে উচ্ছৃঙ্খলভাবে কারখানাতে ভাঙচুর চালিয়ে ত্যাগ করেন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, একই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করেন এবং কারখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন।

 

শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল। অব্যাহত শ্রমিক অসন্তোষ এবং সার্বিক নিরাপত্তার কারণে কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। যা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পরে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার স্বাভাবিক কার্যক্রম চালু করার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।

তবে কারখানা দুটির দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।