Image description

‘এভাবে চললে খুলনার মানুষ বাঁচবে না। মানুষ অন্ধকারাচ্ছন্ন একটি শহরে বসবাস করবে। এর পরবর্তী ধাপ হচ্ছে, মানুষ আর এই শহরে থাকবে না। ব্যবসায়ীরা অলরেডি (ইতোমধ্যে) খুলনা ত্যাগ করেছেন।’ খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাম্প্রতিক এই বক্তব্যে খুলনায় আইনশৃঙ্খলার অবনতি এবং এর থেকে সৃষ্ট নাগরিক নিরাপত্তাহীনতার সত্যিকারের চিত্র ফুটে উঠেছে। 

নগর প্রশাসক একা নন, খুলনার সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, পুলিশ কমিশনার, ব্যবসায়ী সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি– সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলেছেন, খুলনার মানুষ শান্তি চায়, তারা বাঁচতে চায়। তাই পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে পৃথক বিশেষ ইউনিট গঠন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।       

গত মঙ্গলবার জাতীয় সংসদে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি জামায়াতের খুলনা মহানগরের সেক্রেটারি। সংসদে তিনি বলেন, ‘পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, এটি একটি মৃত নগরীতে পরিণত হয়েছে। এই চাঁদাবাজি ও সন্ত্রাসের হাত থেকে খুলনাবাসী বাঁচতে চায়।’

পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড ঘটে। আর গত সাড়ে ১০ মাসে ৭৭ জন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ২৫ জনকেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে শতাধিক মানুষকে। সম্প্রতি শুরু হয়েছে ব্যাপক চাঁদাবাজি। 

সম্প্রতি খুলনা সফর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। ওই দিনও একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে হামলা-ভাঙচুর করে সন্ত্রাসীরা। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফর করেন। তাঁর সফরের দিনও জোড়া খুনের ঘটনা ঘটে খুলনায়। 

সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আহত এক ব্যক্তিকে দেখতে গত ৯ জুন হাসপাতালে যান সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘খুলনা শহরে এক ধরনের নীরব চাঁদাবাজি চলছে। চাঁদার অঙ্ক ছোটখাটো নয়, লাখ থেকে কোটি টাকা। পাঁচ-ছয়টি গ্রুপ এভাবে চাঁদাবাজি করছে। কেউ মুখ খুলতে পারছেন না। পরিস্থিতি এমন যে, কার কাছে অভিযোগ করবেন, তা নিয়েও মানুষের ভয়। অভিযোগ ফাঁস হয়ে গেলে গুলির শিকার হতে হবে, হত্যার শিকার হতে হবে। এ কারণে সবাই চাঁদা দিচ্ছেন, কিন্তু কেউ মুখ খুলছেন না।’

নজরুল ইসলাম মঞ্জু যেদিন এই বক্তব্য দেন, সেদিন সন্ধ্যায় সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্যরা নগরীর রূপসা স্ট্যান্ড রোডের সুপরিচিত মল্লিক ব্রাদার্স ফার্মেসিতে গিয়ে চাঁদা দাবি করেন, হুমকি দেন। ওই রাতেই বন্ধ হয়ে যায় ফার্মেসিটি। 

এর আগে গত এক মাসে চাঁদার দাবিতে অন্তত পাঁচটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং একটি রেস্তোরাঁয় প্রকাশ্যে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। ৭ নভেম্বর দুপুরে খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। সন্ত্রাসী নূর আজিমের হুমকিতে প্রতিষ্ঠানটি ৮ নভেম্বর রাতে বন্ধ করা হয়। ফিরতি হুমকিতে ৯ নভেম্বর দুপুরে তা আবার খুলতে বাধ্য হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। 

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সহসভাপতি ও বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মহানগর সভাপতি ডা. মোস্তফা কামাল বলেন, ‘আমরা উদ্বিগ্ন। প্রতিবাদ কর্মসূচি দিলে ভুক্তভোগীরা  আবারও হামলার শিকার হওয়ার আশঙ্কা করছে। তবে আমরা দ্রুত কর্মসূচিতে যাব।’

মহানগরীর ৮ থানায় ১৮১ সন্ত্রাসী তৎপর
আইনশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর পুলিশের ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লেগেছিল। এই সুযোগটা কাজে লাগায় সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার ও মাদকের ভাগ নিয়ে তারা খুনোখুনিতে জড়িয়ে পড়ে। 

দেখা গেছে, হত্যাকাণ্ড ঘটলেও দুর্বল পুলিশ প্রশাসন জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। অনেক ক্ষেত্রে ধরা পড়লেও দ্রুত জামিনে মুক্ত হয়ে গেছে। অপরাধ করে গ্রেপ্তার না হওয়া এবং দ্রুত মুক্তি পাওয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তারা। 

খুলনা মহানগর পুলিশের অপরাধ বিভাগের তথ্য বলছে, খুলনা মহানগরীর ৮টি থানায় ১৮১ জন সন্ত্রাসী বেশি তৎপর। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর তৈরি বি কোম্পানি, নূর আজিম ও আশিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বেশি আসছে বলে পুলিশ জানিয়েছে। 

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমান বলেন, সম্প্রতি চাঁদার দাবিতে প্রতিষ্ঠানে ভাঙচুরে জড়িত প্রায় সবার পরিচয় শনাক্ত করা গেছে। প্রধান অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমকে গত বছর ২ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। গত আগস্ট মাসে সে জামিনে মুক্তি পায়। সিসিটিভি ফুটেজে আসা বেশির ভাগ সন্ত্রাসীকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। অল্প দিনের মধ্যে তারা জামিনে এসে অপরাধে জড়াচ্ছে। 

মাঠে নামতে চান হুইপ
গত ৮ নভেম্বর খুলনা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, যত বড় সন্ত্রাসী বা নেতা হোক না কেন কিংবা যার ছত্রছায়ায়ই থাকুক না কেন, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে আমরা মাঠে নামব।’

রকিবুল ইসলাম বকুল বলেন, ‘আমরা সরকারি দল, বিরোধী দল– এসব বুঝি না। আমরা জনগণের প্রতিনিধি। আমরা চাই, এখানে কোনোভাবে সন্ত্রাসের দৌরাত্ম্য থাকবে না। সাধারণ মানুষ শান্তিতে থাকবে। প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

গত মঙ্গলবার ক্লিনিক ডায়াগনস্টিক ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেন চিকিৎসকরা। একই দিন বিকেলে প্রতিবাদ সমাবেশ করে সিপিবিও। তারা এসব সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ– সবাই সন্ত্রাস থেকে মুক্তি চাইছেন, তবুও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না? জানতে চাইলে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, পুলিশ মাঠপর্যায়ে কিছু লোককে গ্রেপ্তার করলেও নেপথ্যের মূল হোতা ও আশ্রয়দাতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। পাশাপাশি ভুক্তভোগীদের মামলা না করার প্রবণতা আইনি প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে।

সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি কুদরত ই খুদা বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বের হতে রাজনৈতিক, সামাজিক, পুলিশিং এবং বিচারিক সব ধরনের পদক্ষেপ দরকার। রাজনীতিবিদরা অপরাধীদের আশ্রয়-প্রশয় দেওয়া বন্ধ করে মাঠে নামতে হবে। সামাজিক নেতারা জনমত তৈরি করবেন। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করবে এবং বিচারিক আদালত যথাযথ ব্যবস্থা নেবে। 

কুদরত ই খুদা বলেন, খুনি, সন্ত্রাসী, জামিন সবার অধিকার। কিন্তু মাদক বিক্রেতাদের সহজ জামিনের যে বিষয় দেখা যাচ্ছে তা উদ্বেগজনক। 

খুলনায় ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে খুলনা চেম্বার অব কমার্সে নির্বাচিত নের্তৃত্ব নেই। চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম। তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীদের দোকান খোলা রাখতে আশ্বস্ত করছি এবং যে কোনো সমস্যায় পুলিশ ও আমাদের জানানোর অনুরোধ করছি। পাশাপাশি পুলিশকে আরও তৎপর হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগাদা দেওয়া হয়েছে।’ 

সহযোগিতা চায় পুলিশ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, গত ১০ মাসে ৩৭টি হত্যা মামলার ৩৪টিই তথ্য উদ্ঘাটন হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৬০ জনকে। এদের মধ্যে ৪৩ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, সমস্যা হচ্ছে, চাঁদাবাজি বা ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগীরা পুলিশকে তথ্য দেন না, মামলাও করেন না। মামলা না করলে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

পুলিশ কমিশনার বলেন, যে এলাকায় কিশোর গ্যাং বেশি-সেখানে পুলিশ টহল, চেকপোস্ট জোরদার করা হয়েছে। কিন্তু মানুষ যদি তথ্য না দেয়, সহযোগিতা না করে তাহলে পুলিশের একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে রাজনীতিবিদ ও সামাজিক নেতাদের এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা আমরা পাচ্ছি না।’

পুলিশ প্রচেষ্টার কথা বললেও তাতে আশ্বস্ত হতে পারছেন না ভুক্তভোগীরা। সম্প্রতি হামলার শিকার একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, ভাঙচুরের পর পুলিশ এসেছিল। তারা চলে যেতেই ওই সন্ত্রাসী ফোন করে বলে, এবার টাকা আরও বাড়িয়ে দিবি, না হলে গুলি খাবি। দেখি পুলিশ তোকে কীভাবে বাঁচায়? তিনি বলেন, ‘পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে। বলেছে, সবাইকে শনাক্ত করা গেছে। কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। মামলা করি কোন সাহসে। প্রতিদিন ভয়ের মধ্যে প্রতিষ্ঠান খুলি, আতঙ্কে থাকি কবে আবার ভাঙচুর করে।’

বিশেষ ইউনিট গঠনের দাবি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে পৃথক স্পেশাল ইউনিট গঠন করা প্রয়োজন। তারা সন্ত্রাস দমনে পদক্ষেপ নেবে এবং যারা সন্ত্রাসীদের প্রশয় দেবে–তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে। নগরবাসীকে নিরাপদ রাখতে এটা দ্রুত করতে হবে।