Image description

খাগড়াছড়িতে মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টা ৪৩ মিনিটে খাগড়াছড়ি সদর উপজেলার সরকারি কার্যালয় দুটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে সরকারি কার্যালয় দুটির জানালা খোলা পাওয়া যায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে ৭ নভেম্বর খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অপরদিকে ১০ নভেম্বর খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পাকিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ভূমি অফিসের আগুন পরিকল্পিত এবং নথিপত্র গায়েবের জন্য হতে পারে এবং সমাজসেবা কার্যালয়ের আগুন রহস্যজনক। দুটি সরকারি কার্যালয় পাশাপাশি। মামলা হলে তদন্তে উঠে আসবে আগুন লাগার প্রকৃত কারণ।শীর্ষনিউজ