Image description
১৪ বছরের কিশোর শামীম শৈশবেই হারায় মাকে। এরপর বাবা বিয়ে করলেও পরিবারে মেলেনি ঠাঁই। পথই হয়ে যায় তার ঠিকানা। ওদের মতো পথশিশুদের নিজ পরিবার কিংবা আত্মীয়স্বজনের জায়গা করে দিতে চায় সরকার।
 
পরিবারের কাছে ফেরার প্রসঙ্গে শামীম বলেন, আমার মা আমাকে বলেন, ‘তুই যদি ভেতরে কাজ না করিস, তাহলে আমার বাড়িতে আসবি না। বাড়িতে এলে তোর ঠ্যাং ভেঙে দেব।’
 
শামীমের মতো পথশিশুদের পরিবারে জায়গা দিলে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে মাসে এক হাজার টাকা। এ বিষয়ে নেওয়া প্রকল্পে ব্যয় ধরা হচ্ছে ৪২৬ কোটি টাকা। যেখানে শুধু পরামর্শ ফি বাবদ কাউন্সেলিং কর্মকর্তাকে দেওয়া হবে মাসে ৫ লাখ টাকা, যা ৫ বছরে হবে ৩ কোটি টাকা। অথচ যাকে নিয়ে প্রকল্প, সেই পথশিশু পাবে মাত্র ৬০ হাজার টাকা। শুধু কাউন্সেলিং কর্মকর্তা নয়, প্রকল্প মনিটরিং বিশেষজ্ঞও পাবেন ৩ কোটি টাকার পরামর্শক ফি।
 
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী মোট ২৪ হাজার ২০০ শিশুর পুনর্বাসনে অর্থ খরচ করবে সরকার। এর মধ্যে ৬ হাজার ৬০০ পরিবারবিচ্ছিন্ন শিশুকে পরিবার ও সমাজে পুনঃএকত্রীকরণ, ১ হাজার ৯০০ শিশুর আশ্রয়, ৪ হাজার ৫০০ শিশুর আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ৫ হাজার ৭০০ পথশিশুকে স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা। পুরোনো ৪টি কর্মসূচির সঙ্গে এবারে নতুন যুক্ত হচ্ছে সাড়ে ৫ হাজার শিশুকে পরিবারে ফেরানো। যেখানে শর্তসাপেক্ষে দেওয়া হবে মাসে ১ হাজার টাকা সহায়তা।
 
প্রকল্পটিতে পরামর্শক ফি বাবদ বরাদ্দ ৭ কোটি টাকা। উৎসব উদ্‌যাপনে ১৫ কোটি টাকা। কর্মকর্তাদের মোবাইল ফোনের বিল বাদে খরচ হবে ১ কোটি ৭ লাখ টাকা। সভা-সেমিনারে সাড়ে ৬ কোটি টাকা। আউটসোর্সিং জনবলে ৬১ কোটি টাকা। ভ্রমণ ব্যয় ৫ কোটি ৬৪ লাখ। আর প্রকল্পের প্রচার-প্রচারণায় খরচ হবে ১০ কোটি টাকা। এমন খরচের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
 
প্রকল্পের বিষয়ে পথশিশু অধিকার বিশ্লেষক ব্যারিস্টার আল মামুন রাসেল বলেন, ‘আপনি মোবাইল বিলের জন্য ১ কোটি টাকা এবং সেমিনারের জন্য ৬ কোটি টাকা বাজেট করলেন। অথচ পথশিশুদের জন্য প্রতি মাসে আপনি কী করলেন? তাদের মাত্র ১ হাজার টাকা করে দেবেন। আসলে এটি এমন একটি বিষয়, যাকে আমরা ‘পরিকল্পনা’ বলি। ‘পরি’ থাকে এক জায়গায়, আর ‘কল্পনা’ থাকে অন্য জায়গায়। পরি ও কল্পনা একসঙ্গে হয় না।’
 
পুনর্বাসনের নামে এমন অযৌক্তিক ব্যয়ের প্রকল্পকে কর্মকর্তাদের নিজেদের উদরপূর্তির প্রকল্প হিসেবে আখ্যা দিয়ে জনগণের করের টাকার অপচয় হবে বলছেন তারা।
 
এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মামুন আল রশিদ বলেন, ‘পালক পরিবার নাম দিয়ে কোমলমতি শিশুদের নিয়ে এ ধরনের গিনিপিগ বানিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো যৌক্তিকতা আমি এখন আর দেখি না। বিভিন্ন খরচের খাত দেখে আমার মনে হচ্ছে, শুধু একটি প্রকল্প তৈরি করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প তৈরি করলেই কিছু সুযোগ-সুবিধা পাওয়া যায়। আমার ধারণা, সেই চিন্তার ওপর ভিত্তি করেই এ ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে। এসব প্রকল্পে বায়বীয় খরচ দেখিয়ে ভাউচার তৈরি করে অর্থ ব্যয় করা হবে। বাংলাদেশে এ ধরনের প্রকল্পে সাধারণত এমনটাই হয়ে থাকে।’
 
এক মুঠো ভাতের অনিশ্চয়তায় যে শিশুর প্রতিদিনের সংগ্রাম, তাকে পুঁজি করে যেন জনগণের করের অর্থের অপচয় না হয়, সেদিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের।