Image description

নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন।

বুধবার অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময়ও এ নিয়ম অনুসরণ করা হবে। তবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই বিনোদন ভাতা নির্ধারণ করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে তাঁর বেতন পুনর্নির্ধারিত হলেও এ বাবদ কোনো বকেয়া অর্থ পাবেন না। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রেক্ষাপটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।