Image description

স্বামীর মৃত্যুর পর যেন জীবনের সব হিসাব পাল্টে গেছে নাদিরা আক্তারের (২৭)। গত বছর সড়ক দুর্ঘটনায় স্বামী শাহজাহানের মৃত্যু হয়। এরপর থেকেই স্বামীর পৈতৃক সম্পত্তি ও বসতঘর নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে। একপর্যায়ে স্বামীর স্বজনদের বিরুদ্ধে বসতঘর দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগও করেন তিনি।

তার অভিযোগ, সম্প্রতি দুই শিশুসন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে তার।

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে। স্বামীর পৈতৃক সম্পত্তি ও বসতঘর দখল, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে নাদিরা আক্তার সম্প্রতি নান্দাইল মডেল থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন- আব্দুল আওয়াল (৪০), ফাতেমা আক্তার (২৭), সাহিদা আক্তার (২৯), আম্বিয়া বেগম (৫৯), সুফিয়া খাতুন (৫২), নাজমা আক্তার (৪৮) ও শাহানা আক্তার (৪০)। তারা নাদিরার স্বামীর স্বজন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে শাহজাহানের সঙ্গে নাদিরার বিয়ে হয়। তাদের সংসারে দুই ও পাঁচ বছর বয়সি দুটি সন্তান রয়েছে। সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় শাহজাহানের মৃত্যু হলে দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েন নাদিরা। স্বামীর মৃত্যুর পরই তার আশ্রয় ও সম্পত্তি নিয়ে বিরোধ শুরু হয়।

নাদিরার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর থেকেই তার ননদ, ননাস ও তাদের স্বজনরা শাহজাহানের পৈত্রিক সম্পত্তি এবং সেমিপাকা বসতঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। বিভিন্ন সময় তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর সকাল ৭টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করেন। এসময় তারা বাড়ির সীমানার গাছপালা কেটে ক্ষতিসাধন করেন। নাদিরা বাধা দিতে গেলে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে জোরপূর্বক তাকে দুই সন্তানসহ বসতঘর থেকে বের করে দিয়ে ঘরটি দখলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

নাদিরার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত অবস্থায় নাদিরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। 

স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগ করার পরও দুই শিশুসন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি নাদিরার। 

স্থানীয় প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, নাদিরার স্বামীর মৃত্যুর পর থেকে তাকে বাড়ি থেকে বিতাড়িত করতে শাহজাহানের বোন ও ভাগ্নিরা অত্যাচার-নির্যাতন করছেন। আমরা অনেক সালিশ-দরবার করেছি। কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারিনি। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, তারা কারো ঘর দখল করেননি। তারা নিজেদের ঘরেই অবস্থান করছেন। 

নাদিরা আক্তার বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই অভিযুক্তরা আমার স্বামীর পৈতৃক সম্পত্তি ও ঘর দখলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছেন। একপর্যায়ে আমার স্বামীর ঘর দখল করে আমাকে দুই সন্তানসহ বের করে দিয়েছেন। আমি আমার স্বামীর ঘরেই থাকতে চাই। ছোট দুটি সন্তান নিয়ে কোথায় যাব, কীভাবে তাদের নিয়ে বাঁচব তা বুঝতে পারছি না।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।