১৯৯৪ সালের ২ জুন ঢাকায় মারা যান সিরাজগঞ্জের বাসিন্দা কাজী আব্দুল বরকত ওরফে এবিএম সাদ উদ্দিন। তার মৃত্যুর পর সিরাজগঞ্জে থাকা ০.৫৪০০ (৫৪ শতাংশ) একর সম্পত্তি বিক্রি করে দেন স্ত্রীসহ সন্তানেরা।
এমন পরিস্থিতিতে ক্রয়সূত্রে জমির মালিক মালা রানী মালাকার সিরাজগঞ্জের আদালতের দ্বারস্থ হন। বিচার শেষে ২ নভেম্বর আদালত বোরহান উদ্দিনসহ তার দলিল লেখককে দণ্ড দেন।
ঘটনার শুরু যেখানে
কাজী আব্দুল বরকত ওরফে এবিএম সাদ উদ্দিন ১৯৯৪ সালের ২ জুন মারা যান। পরে তার স্ত্রী হাসিনা সাদ এবং চার ছেলে ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির মালিক হন।
কিন্তু হঠাৎ করে মো. বোরহান উদ্দিন তালুকদার এই জমিটি নিজের বলে দাবি করলে মালা রানী সিরাজগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নেন এবং দলিলের জাবেদা নকল তুলে যাচাই করে দেখেন যে, মো. বোরহান উদ্দিন এই জমির উপর একটি জাল দলিল তৈরি করেন। দলিলের তারিখ দেখানো হয়েছে ২০১৪ সালের ৩ জুলাই।
রানীর দাবি ২০ বছর আগে কাজী বরকত মারা যাওয়া সত্ত্বেও আসামিরা পরস্পর যোগসাজশ করে তাকে জীবিত সাজিয়েছে। এরপর তার স্বাক্ষর জাল করে তাকে ‘দাতা’ বানিয়েছে। আসামিদের এই জালিয়াতি এবং প্রতারণার কারণে তার প্রায় দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পরবর্তীতে তিনি মামলাটি দায়ের করেন।
মামলার তদন্ত
মামলার পর সিরাজগঞ্জ সদর থানার এস.আই মো. নূরুল ইসলাম তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণ পাওয়ায় ২০২০ সালের ২৫ অক্টোবর প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ০.৫৪০০ একর সম্পত্তির প্রকৃত মালিক ছিলেন কাজী আ. বরকত ওরফে এ.বি.এম. সাদ উদ্দিন (মৃত)। ১৯৯৪ সালে মৃত্যুর পর তার স্ত্রী ও ৪ ছেলে ওই সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিক হন। পরে ২০০৫ সালে তারা আসলাম সেখসহ চারজনের কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে একই বছর আসলাম সেখসহ চারজন রানীর কাছে বিক্রি করে দেন। পরে এই জমি বন্ধক থেকে ব্যাংক ঋণ নেন রানী।
কিন্তু এক অজ্ঞাতনামা ব্যক্তিকে দাতা সাজিয়ে আসামি মো. বোরহান উদ্দিন তালুকদার দুইজনকে সাক্ষী করে দলিল লেখক দিয়ে ২০১৪ সালে দলিল রেজিস্ট্রি করেন। ২০১৪ সালে দাতা ও গ্রহীতার ছবি এবং ভোটার আইডি নম্বর থাকার কথা থাকলে তা উল্লেখ করা হয়নি। আসামিরা প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি করে দলিল সৃষ্টি করে।
অভিযোগ গঠন ও বিচার
তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ২০২২ সালের ২১ আগস্ট চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষ মোট ০৪ জন সাক্ষীকে উপস্থাপন ও পরীক্ষা করে। সাক্ষী শেষে ৩৪২ ধারায় পরীক্ষা করা হলে আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করে এবং সাফাই সাক্ষ্য দিবে না বলে জানায়।
বিচারের সময় অন্যান্য নথির সাথে কাজী আ. বরকত ওরফে এবিএম সাদ উদ্দিনের ঢাকা সিটি করপোরেশন কর্তৃক ১৯৯৪ সালের ২২ জুনের ইস্যুকৃত ওয়ারিশান সনদের মূল কপি দাখিল করা হয়। এ ছাড়া এবিএম সাদ উদ্দিনের মৃত্যু সনদের ফটোকপি এবং আজিমপুর কবরস্থানে কবরস্থ করার রশিদ বহির ফটোকপি দাখিল করা হয়।
রায়ে আদালত বলেন, দাখিলকৃত ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত ওয়ারিশান সনদ, ওরিয়েন্টাল লগকেবিন ফ্ল্যাট মালিক সমবায় সমিতির বার্ষিক প্রতিবেদন, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সংগৃহীত আজিমপুর কবরস্থানের প্রত্যয়নপত্র ও দাফনের রসিদ এবং ১৯৯৪ সালের ৪ জুন তারিখের পত্রিকার ফটোকপি ইত্যাদি দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে, কথিত দাতা গত ১৯৯৪ সালের ২ জুন মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ ২০ বছর আগে মৃত ব্যক্তি জীবিত হয়ে সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে ২০১৪ সালে দলিল সম্পাদনের বিষয়টি অবাস্তব ও আইনিভাবে সম্পূর্ণ অসম্ভব।
রায়ের মো. বোরহান উদ্দিন (দলিল গ্রহীতা) এবং মো. জুয়েল হোসেনের (দলিল লেখক) বিরুদ্ধে পেনাল কোডের ৪৬৭ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্তক্রমে উক্ত ধারায় চার বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এছাড়া আসামি মো. রফিকুল ইসলাম ওরফে ইদুল ওরফে রাকিবুল ইসলাম ওরফে রকিবুল ইসলাম ও মো. লোকমান হোসেনকে (দলিলের সাক্ষী) বেকসুর খালাস দেন।
২ নভেম্বর সিরাজগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. কামাল পারভেজ ও মো. আনিছুর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মু. শওকত আলী সেলিম।