মোটরসাইকেল করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। হঠাৎ সড়কে দেখেন রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন তাঁর বাবা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছেলে। তবে সেখানে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের চকরিয়ায় ঘটেছে এ ঘটনা। নিহত ব্যক্তির নাম বাবুল দে (৬৫)। তিনি চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। ডুলাহাজারা বাজারে একটি ওষুধের দোকান করতেন তিনি। তাঁর ছেলের নাম রনি দে। হাইওয়ে পুলিশের ধারণা, অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবুল দে নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ, পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। তাঁর ছেলে রনি দে-ও অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় ছেলে রনি দে তাঁর বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন। বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলানো ছিল। আহত অবস্থায় বাবুল দেকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান ছেলে রনি দে। সেখানে চিকিৎসক বাবুল দেকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে রনি দে প্রথম আলোকে বলেন, ‘ধারণা করছি কোনো গাড়ির ধাক্কায় আমার বাবা নিহত হয়েছেন।’
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাবুল দের মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে থানার এসআই খোকন চন্দ্র দাশ বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের চাওয়া অনুযায়ী, পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।