বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যানের সাবেক পিএস মো. আহম্মদুল্লাহ ও আশিক শাহরিয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। দুজনই প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপক। অভিযোগ তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সেই তদন্ত কমিটির বিরুদ্ধেও উঠেছে অনিয়মের অভিযোগ।
সরকারের কেন্দ্রীয় ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা’ (জিআরএস) পোর্টালে দুই কর্মকর্তার বিরুদ্ধে আসা সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যানের পিএসের পদটি গুরুত্ব বিবেচনায় তিন বছর পর কর্মকর্তা বদলের সুপারিশ করা হয়।
এর আগে জাগো নিউজের সরেজমিনে অনুসন্ধানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে সাবেক পিএস আহম্মদুল্লাহর স্ত্রীর নামে আট তলা একটি নির্মাণাধীন ভবনের সন্ধান পাওয়া যায়। এ নিয়ে গত ২১ মে ‘আট তলা ভবনটির মালিক কে?’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। জিআরএসে আসা অভিযোগে ওই ভবনের তথ্য উল্লেখ থাকলেও তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে পুরো বিষয়টি এড়িয়ে গেছেন। তারা ভবনটির খোঁজই করেননি।
এ বিষয়ে কথা হলে বিপিসির সচিব শাহিনা সুলতানা জাগো নিউজকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি। যেহেতু জিআরএসে অভিযোগগুলো এসেছিল, আমরা জিআরএসে আপলোড দিতে চেয়েছিলাম। কিন্তু খুব টেকনিক্যাল কারণে হয়তো প্রতিবেদনটি আপলোড দেওয়া সম্ভব হয়নি। আমরা সরাসরি প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তবে তদন্তের অভ্যন্তরীণ বিষয়গুলো কর্তৃপক্ষ বিবেচনা করছে।’
এর আগে চলতি বছরের জুন মাসের শুরুতে বিপিসি চেয়ারম্যানের সাবেক একান্ত সচিব (পিএস) এবং বর্তমান উপ-ব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহ এবং আরেক উপ-ব্যবস্থাপক (বোর্ড) আশিক শাহরিয়ারের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা হয় সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা- জিআরএসে (গ্রিভেন্স রিড্রেস সিস্টেম)। অভিযোগ ওঠা দুই কর্মকর্তাই ঝালকাঠি জেলা সদরে কাছাকাছি গ্রামের বাসিন্দা। আহম্মদুল্লাহ বর্তমানে ওএসডি হয়ে মেঘনা পেট্রোলিয়ামের ঢাকা লিয়াজোঁ অফিসে সংযুক্ত আছেন।
ওই অভিযোগের পর গত ১৮ আগস্ট বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিপিসির প্রশাসন বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক মো. বদরুল ইসলাম ফকিরকে সদস্য সচিব করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়। গত ৫ অক্টোবর বিপিসি চেয়ারম্যান বরাবর প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
জাগো নিউজের হাতে আসা ওই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, কমিটি অভিযোগ ওঠা দুই কর্মকর্তার লিখিত বক্তব্য নেন। পাশাপাশি জিআরএসে আসা অভিযোগকারীরা পরিচয়বিহীন হওয়ায় এবং কোনো মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা জিআরএসে উল্লেখ না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন, নোটিশ পাঠানো ও বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে বিপিসির সংস্থাপন শাখা থেকে নিয়োগ সংক্রান্ত নথি, ব্যক্তিগত নথি ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথি সংগ্রহ, বিশ্লেষণ এবং পর্যালোচনা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত কমিটি প্রতিবেদনে তাদের মতামতের অংশে উল্লেখ করে- অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, সংগৃহীত নথিপত্র, তথ্য-উপাত্ত ও বক্তব্য বিশ্লেষণপূর্বক পর্যালোচনায় উপ-ব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহ এবং আশিক শাহরিয়ারের মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন এবং তাদের নিয়োগে জেলা কোটা প্রযোজ্য হয়নি।
আহম্মদুল্লাহর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, কমিশন বাণিজ্য, বদলি, এফডিআর থেকে কমিশন, এলসি সংক্রান্ত ও মোটা অংকের চাঁদা আদায়সহ অন্য অপরাধে জড়িত থাকার বিষয়ে কোনো সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করে তদন্ত কমিটি। তাছাড়া আহম্মদুল্লাহর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুদকে একটি অভিযোগ অনুসন্ধানাধীন। যেহেতু দুদকে অনুসন্ধানাধীন, সেহেতু এটি অনুসন্ধান শেষে কার্যক্রম গ্রহণ করা সমীচীন হবে মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।
এতে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগের মূল বিষয়টি যাচাই ছাড়াই প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। কমিটি দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো সুপারিশ না দিলেও সামগ্রিকভাবে তিনটি সুপারিশ দেয়। তবে সরকারি প্রতিষ্ঠানে তিন বছর অন্তর বদলির নির্দেশনা থাকলেও বিপিসিতে তা মানা হচ্ছে না বলে প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করা হয়।
এজন্য বিপিসির কর্মকর্তা-কর্মচারীদের তিন বছর অন্তর বদলি সমীচীন হবে। চেয়ারম্যানের একান্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারী পদগুলো খুবই স্পর্শকাতর বলে উল্লেখ করা হয়। নিয়োগের ক্ষেত্রে নিয়োগবিধি ও প্রবিধানমালা অনুযায়ী সতর্কতার সঙ্গে নিয়োগ কার্যক্রম সম্পাদন করার সুপারিশ করা হয়।
এ বিষয়ে কথা হলে কমিটির আহ্বায়ক ও বিপিসির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. নাজিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘সাবেক পিএস আহম্মদুল্লাহ ও আশিক শাহরিয়ারের বিরুদ্ধে জিআরএসে আসা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দুই কর্মকর্তার নিয়োগ ও পদায়নের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।’
৮ তলা বাড়িসহ অবৈধ সম্পদের তদন্তের বিষয়ে প্রশ্ন করলে দুদক এ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছে বলে তিনি এড়িয়ে যান। তদন্তে অনিয়মের বিষয়টি অস্বীকার করেন।
প্রতিবেদন তৈরিতে চাপ ছিল না দাবি করে কমিটির সদস্য সচিব ও বিপিসির ব্যবস্থাপক (নিরীক্ষা) মো. বদরুল ইসলাম ফকির জাগো নিউজকে বলেন, ‘আমরা কিছু ডকুমেন্ট দেখে বাস্তবতার নিরিখে প্রতিবেদন দিয়েছি।’
তবে বিপিসির ঊর্ধ্বতন দায়িত্বশীল এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘তদন্ত কমিটি মূল প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছে।’
অনুসন্ধানে জানা যায়, বিপিসি চেয়ারম্যানের সাবেক পিএস আহম্মদুল্লাহ নিজের স্ত্রীর নামে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে তার স্ত্রী নুসরাত জেবিন সিনথীর নামে কেনা প্লটে আট তলা ভবনের নির্মাণকাজ চলমান। আহম্মদুল্লাহর গ্রামের বাড়ি ঝালকাঠিতে কয়েক কোটি টাকা মূল্যের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির সন্ধানও মিলেছে।
বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে তার স্ত্রীর নামে নিবন্ধিত ওই প্লটে ভবন নির্মাণ চলমান থাকলেও ভবনে চট্টগ্রামভিত্তিক বাশার গ্রুপ অব কোম্পানির মালিক আবুল বশর আবুর নামে নেমপ্লেট দেখা গেছে। মূলত আবুল বাশার আবুর শিপিংসহ নানাখাতের ব্যবসা রয়েছে। ওই ব্যবসায়ীর ২২টির মতো ট্যাংকার জাহাজ রয়েছে। যেগুলোর বেশিরভাগ জ্বালানি তেল পরিবহন করে। বিপিসির তিন বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা অয়েলের চার্টারে যুক্ত আছে আবু মালিকানাধীন বেশ কয়েকটি জাহাজ।