নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন, রাজনৈতিক কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ফরিদপুরে এক বাসচালক নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বোমাসদৃশ বস্তু উদ্ধার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে অন্তত ২২টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে তিনটি, নওগাঁ ও চট্টগ্রামে দুটি করে এবং ফরিদপুর, সাভার, ধামরাই, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও খাগড়াছড়িতে একটি করে বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া বরগুনায় একটি ট্রাক, গাজীপুরে একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
একই সময়ে রাজশাহীর তানোর, খুলনার বটিয়াঘাটা ও খাগড়াছড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নেত্রকোনার মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতেও আগুন দেওয়া হয়।
এসব ঘটনায় সারা দেশে অন্তত ৩৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীতে বাসে অগ্নিসংযোগ, নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুরে আগুনে বাসচালকের মৃত্যু
ফরিদপুরে পার্ক করে রাখা কিশোর-তন্ময় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় কালাচান শেখ (৫৫) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গোয়ালচামটের পৌর বাস টার্মিনালের কাছে মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা। রাতে দেরি হলে তিনি বাসেই ঘুমাতেন।
ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসে আগুন লাগার পর কালাচান ঘুম থেকে উঠে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তার একটি হাত পুড়ে যায়। পরে তিনি বাস থেকে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, মোটরসাইকেলে করে আসা তিনজন পেট্রল ঢেলে বাসটিতে আগুন দেয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে বাসচালকের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিভিন্ন জেলায় যানবাহনে আগুন, সংঘর্ষ
সোমবার মধ্যরাতে সাভার পৌর এলাকার গেন্ডার ময়লার মোড়ে দাঁড়িয়ে থাকা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে ধামরাই পৌর এলাকায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের পাশে রাখা হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগেই বাস দুটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
নওগাঁ শহরের বাইপাস গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জের বাজিতপুরে ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়।
চট্টগ্রাম নগরের নিউ মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় দুটি খালি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আনোয়ারা ও কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ডে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। প্রায় দুই ঘণ্টা গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে।
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়। চন্দ্রা-নবীনগর সড়কের হাজীবাড়ি এলাকায় একটি কাভার্ড ভ্যানেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
নেত্রকোনার মোহনগঞ্জে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। এতে ট্রেনটির চারটি আসন পুড়ে যায়। খাগড়াছড়ি শহরে একটি জিপগাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
এদিকে, শরীয়তপুরের পদ্মা সেতুর জাজিরা প্রান্তের দক্ষিণ টোলপ্লাজার সামনে কয়েক শ মানুষ লগি-বৈঠা নিয়ে জমায়েত হন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের একটি হলের পকেট গেটে হাতবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
ক্যাম্পাস ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানী ঢাকাসহ মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সোহেল নামে এক প্রাইভেটকারচালক আহত হন। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। সিটি কলেজের পাশের ৩ নম্বর সড়ক থেকেও দুটি ককটেল উদ্ধার করা হয়।
রংপুরের মিঠাপুকুরে মহাসড়কের ওভারপাস এলাকা থেকে বোমাসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করা হয়েছে। গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। মাদারীপুরের কালকিনি মাছবাজারের বড় ব্রিজসংলগ্ন এলাকায়ও একাধিক ককটেল বিস্ফোরিত হয়।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান ভবনের পাশ থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সোমবার গভীর রাতে তালা ঝোলান একদল দুর্বৃত্ত। তিনটি মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জনের একটি দল রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটিয়ে দ্রুত চলে যায়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়া হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ‘ধর্মঘট’ লেখা পোস্টার সাঁটানো হয়েছে। বরগুনার বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিসেও তালা দেওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেটসংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়। খুলনার বটিয়াঘাটা উপজেলা বিএনপির কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে। খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় রেললাইন ও মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক হোসেন ও ইমরুল কায়েস। নাশকতার মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ঢাকা থেকে বগুড়াগামী একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা বস্তু দুটির বিষয়ে পুলিশকে জানান।
পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। নিরাপত্তার কারণে মন্ত্রীকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করা হয়। এরপর তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
সারা দেশে ধারাবাহিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার এসব ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিংয়ের সময় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।
ঢাকাটাইমস