Image description

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুন ও পানির প্রবাহ ১৫ দিনেও বন্ধ হয়নি। দীর্ঘ পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়, বরং এর নিচে রয়েছে বড় গ্যাসের রিজার্ভার।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধি দল এ তথ্য জানায়।

প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার রফিকুল ইসলাম জানান, টানা ১৫ দিন গ্যাসের স্থায়িত্ব ও প্রবাহের চাপ পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, একই গতি ও চাপে গ্যাস নির্গত হচ্ছে। তাই অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ।

তিনি জানান, প্রথমে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূপ নিয়ন্ত্রণে আসার পর ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। এরপর থেকে সেখানে গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে।

আরটিভি