মাত্র দুই ঘণ্টার পরিচয়ে এক তরুণীর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা সৌরভ হোসেন (২৮)। এ ঘটনায় তার সঙ্গে থাকা রিয়া খাতুন (নাম উল্লেখিত) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি একটি স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে।
এতে সৌরভ ও রিয়া গুরুতর আহত হন।
নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে। আহত রিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা।
রিয়া জানান, ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে তাদের মধ্যে কথা হয়।
সন্ধ্যায় তিনি চুয়াডাঙ্গা শহরে সৌরভের দোকানের সামনে থেকে ডিঙ্গেদহ বাজারে যাওয়ার জন্য যানবাহন খুঁজছিলেন। এ সময় সৌরভ তাকে সঙ্গে নিয়ে চা খাওয়ার পর বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। পরে দুজন মোটরসাইকেলে ঝিনাইদহের উদ্দেশে রওনা হন। পথে ভেটেরিনারি কলেজের সামনে দুর্ঘটনার শিকার হন তারা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সৌরভ ও রিয়া মোটরসাইকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে সড়কের একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার মধ্যরাতেই সৌরভের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৌরভের মৃত্যুর খবর চুয়াডাঙ্গা শহরে ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত গুলশানপাড়ার বাসভবনে ভিড় করেন ছাত্রদলের নেতাকর্মী, বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা।
শীর্ষনিউজ