Image description

কক্সবাজারের টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আবেগ ছুঁয়ে যায় সারা দেশের মানুষের মধ্যে। অবকাশ যাপনে গিয়ে একই পরিবারের ছয়জনসহ পুড়ে অঙ্গার হওয়া ১১ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, রিসোর্টটি অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল। অগ্নিঝুঁকিপূর্ণ বিবেচনায় ঘটনার চার মাস আগে রিসোর্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু রিসোর্টটি যে অগ্নিঝুঁকিপূর্ণ সেটি প্রকাশ্যে আসে প্রাণহানি, স্বজনদের হৃদয়বিদারক আহাজারি ও দেশব্যাপী শোকের ছাঁয়া নামানো ঘটনা ঘটার পর। শুধু এই ঘটনাই নয়- বেইলি রোডের গ্রিন কোজি কটেজ, বনানীর এফআর টাওয়ার, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, চূড়িহাট্টা ট্র্যাজেডিসহ অসংখ্য ঘটনা আছে সেসব ক্ষেত্রে অগ্নিঝুঁকির তথ্য প্রকাশ্যে এসেছে ঘটনার পর। অথচ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়মিত সারা দেশেই ঝুঁকিপূর্ণ ভবনে নোটিস পাঠিয়ে আসছে। এরপরও কার্যকর পদক্ষেপের অভাবে ঝুঁকিপূর্ণ ভবন বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণই থাকছে। এতে করে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। ফায়ার সার্ভিসের তথ্য বলছে, গত ১১ বছরে সারা দেশে অগ্নিকাণ্ডে ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন ৪ হাজার ৯৫ জন।

সংশ্লিষ্টরা বলছেন, ভবন, রেস্টুরেন্ট, মার্কেট, রিসোর্ট কিংবা আবাসিক হোটেল- লোক সমাগম হওয়া জায়গাগুলো অগ্নিঝুঁকিপূর্ণ কিনা সেটা বোঝার উপায় থাকে না কারও। তবে যখনই কোনো প্রাণহানির ঘটনা ঘটে- তখন বেরিয়ে আসে ভবন বা প্রতিষ্ঠানটি আগুনের ঝুঁকিতে ছিল। অগ্নিঝুঁকির কারণে মৃত্যুকূপ হয়ে থাকা এসব প্রতিষ্ঠানে কেন মানুষকে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে সেটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যদিও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনে সামনে ব্যানার টানানো ও মোবাইল কোর্ট পরিচালনা করা তাদের নিয়মিত কাজ। নোটিসের পরেও ঝুঁকিমুক্তির ব্যবস্থা না নিলে প্রয়োজনে ভবন সিলগালা ও ফায়ার লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে। এদিকে অতীতে বেশ কিছু ভবনে ঝুঁকিপূর্ণ ভবন লেখা ব্যানার টানাতে দেখা গেলেও সেই কার্যক্রমের সংখ্যাও ছিল সীমিত।

ফায়ার সার্ভিসের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল, মে ও জুন তিন মাসে ১ হাজার ৪৫৫টি ভবন পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ৪৮ শতাংশই অগ্নিঝুঁকিপূর্ণ। যার মধ্যে ১০৪টি অতি ঝুঁকিপূর্ণ ও ৫৯৫টি ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে। তথ্য বলছে, অতি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে দুটি সরকারি প্রতিষ্ঠান, ছয়টি আবাসিক ভবন, পাঁচটি পোশাক শিল্প কারখানা, সাতটি কলকারখানা, ৩৩টি হাসপাতাল ও ক্লিনিক, ৯টি ডায়াগনস্টিক সেন্টার, ১৬টি রেস্টুরেন্ট, ৮টি শপিং মল ও মার্কেট, সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান, তিনটি কেমিক্যাল গুদাম, চারটি ফিলিং স্টেশন, একটি ব্যাংক বিমা অফিস ও অন্যান্য ভবন রয়েছে তিনটি। ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে রয়েছে- ৭৮টি সরকারি প্রতিষ্ঠান, ২৪টি আবাসিক ভবন, ২৪টি পোশাক শিল্প কারখানা, ২৭টি কলকারখানা, ১৪০টি হাসপাতাল ও ক্লিনিক, ৫৯টি ডায়াগনস্টিক সেন্টার, ৩৭টি রেস্টুরেন্ট, ৯৬টি শপিং মল ও মার্কেট, ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, তিনটি কেমিক্যাল গুদাম, ৪১টি ফিলিং স্টেশন, ১২টি ব্যাংক বিমা অফিস ও অন্যান্য ভবন রয়েছে ১৭টি। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান বলছে, গত ১১ বছরে সারা দেশে অগ্নিকাণ্ডে ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ হাজার ৯৫ জন। এর মধ্যে গত বছর ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেছে ৮৫ জন, আহত হয়েছে ২৬৭ জন। বছরটিতে সবচেয়ে বেশি ৩৪ শতাংশ আগুন লাগে আবাসিক ভবনে।

এ ছাড়াও ৬১৭টি শপিং মল ও মার্কেট, পোশাক শিল্প কারখানায় ৬৬৫, কলকারখানায় ৬১৫, কেপিআই ও সরকারি প্রতিষ্ঠানে ১৫২, বিভিন্ন ব্যাংক ভবনে ৬৭, কেমিক্যাল গুদামে ৩৬টি, আবাসিক হোটেল ও মোটেলে ২৯, সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৯, রেস্টুরেন্ট ও খাবার হোটেলে ১৫৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগের বছর ২০২৪ সালে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডে নিহত হয় ১৪০ জন। এর মধ্যে ১৫৩ বহুতল ভবনে, ৪৮১ শপিং মল ও মার্কেট, ২৩৬ পোশাক শিল্প কারখানা, ৪৯৪ কলকারখানা, ৮৮ কেমিক্যাল গোডাউনে, ১৫০টি হোটেল ও রেস্টুরেন্টে, ৩৬টি আবাসিক হোটেল ও মোটেলে আগুন লাগে।

এদিকে গত বছর ৭ হাজার ৫৬৮টি ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিস। এর মধ্যে ৩৫৪টি অতিঝুঁকিপূর্ণ এবং ২ হাজার ৩৭৭টি ভবন ঝুঁকিপূর্ণ পাওয়া যায়। ২০২৪ সালে ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করে ৬২২টি অতিঝুঁকিপূর্ণ ও ৩ হাজার ৩১৬টি ঝুঁকিপূর্ণ ভবন পাওয়া যায়। এসব ভবনের মধ্যে শিল্পকারখানা, আবাসিক হোটেল, রিসোর্ট, কটেজ, হাসপাতাল থাকলেও সেগুলোর তথ্য সেভাবে প্রকাশ্যে আনা হয়নি। এতে করে মানুষ না জেনেই মৃত্যুকূপে ঝাঁপ দিচ্ছে।

নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন,  জনগণের দেখানোর জন্য ভবনে দৃশ্যমাণ ফায়ার সেফটির সার্টিফিকেট টানানো ছাড়া পরিত্রাণ মিলবে না। কারণ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গেলে সুফল সম্ভব নয়। ফায়ার সেফটি সার্টিফিকেট দিচ্ছে ফায়ার সার্ভিস, ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার এখতিয়ার সিটি করপোরেশনের।

৯৪ শতাংশ ঝুঁকিপূর্ণ ভবনে মোড়া রাজধানীতে এক সংস্থা আরেক সংস্থাকে চিঠি চালাচালি করে কিছুই লাভ হবে না। এসবকিছুর সমাধান আছে ন্যাশনাল বিল্ডিং কোড ও বিবিআরএ-এর মধ্যে। এগুলোতে মনোনিবেশ করলে- কোনো ঘটনা ঘটলে ভবন অগ্নিঝুঁকিতে ছিল বলে দায় এড়ানো বন্ধ হয়ে যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক ডিজি আলী আহম্মেদ খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সারা দেশে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার মতো ক্যাপাসিটি ফায়ার সার্ভিসের নেই। এগুলো আইন প্রয়োগ করে করতে বাধ্য করবে সেই সক্ষমতা বা ম্যাজিস্ট্রি ক্ষমতাও ফায়ার সার্ভিসের নেই। শুধুমাত্র পরিদর্শনের পর অগ্নিঝুঁকির বিষয়ে চিঠি দিয়ে গা বাঁচানো ছাড়া সংস্থাটির কিছুই করার থাকে না। তিনি বলেন, সরকার এক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে গার্মেন্টস সেক্টরের মতো সব স্থাপনাকেই অগ্নিঝুঁকিমুক্ত করতে পারে। সেক্ষেত্রে দেশের উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে প্রধান ভূমিকা পালন করতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে লাল, হলুদ ও সবুজ চিহ্ন দিয়ে কতটা ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিমুক্ত কিনা সেটি বোঝানো যেতে পারে। এতে করে মানুষ যখন কোনো হোটেলে, রিসোর্টে কিংবা হাসপাতাল ও শপিং মলে যাবে, তখন নিজেরাই ঝুঁকির বিষয়টি দেখে সেই ভবনগুলোতে যেতে অনাগ্রহী হয়ে উঠবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিয়মিত পরিদর্শনের মাধ্যমে অগ্নিঝুঁকি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে ঝুঁঁকি নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা নোটিসে দেওয়া হচ্ছে। নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় জেলা পরিষদ ও সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালিত হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যটনকেন্দ্রের রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য জনসমাগমস্থলের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা অধিদপ্তরের অগ্রাধিকার রয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় খুব দ্রুত এসব প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনে ভবন সিলগালা ও ফায়ার লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ ভবনের দৃশ্যমান সতর্কবার্তা টানানোর কার্যক্রম চলমান রয়েছে। পুরোনো আইন সংশোধনসহ ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা ওয়েবসাইটে প্রকাশের বিষয়টিও বিবেচনা করা হবে।