Image description

আগামী ২০২৭ সালের হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের সৌদি আরবে স্থানীয় খরচ মেটাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে হজের আবাসন, মিনা-আরাফায় তাঁবু বুকিং, পরিবহন ও অন্যান্য সেবার খরচ আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর (আইবিএএন) ব্যবহার করে সৌদি আরবে পাঠাতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধিত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি আরব পর্বের ব্যয়ের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠাতে হবে।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিগুলো উন্নত প্যাকেজের হোটেল ভাড়া, মাশায়ের (মিনা-আরাফা-মুজদালিফা) ব্যবস্থাপনা এবং পরিবহনসংক্রান্ত চুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবে সেবাদানকারী প্রতিষ্ঠানের আইবিএএন হিসাবে পাঠাবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে আবাসন, মিনা-আরাফায় তাঁবু বুকিং এবং সার্ভিস কোম্পানিগুলোর সঙ্গে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করতে হবে। এসব কার্যক্রমের ব্যয় যথাসময়ে পাঠানো জরুরি।

 

আইবিএএন বা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর হলো— আন্তর্জাতিকভাবে ব্যাংক হিসাব শনাক্ত করার একটি স্বীকৃত পদ্ধতি। বিভিন্ন দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংক হিসাব সঠিকভাবে শনাক্ত করতে এটি ব্যবহার করা হয়। হজের আবাসন ও অন্যান্য সেবা বাবদ অর্থ পরিশোধেও সৌদি আরবের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ নম্বর ব্যবহার বাধ্যতামূলক।

এদিকে, সৌদি সরকার ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ দিয়েছে। তবে বেসরকারি হজ এজেন্সিগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কোটা চেয়ে আবেদন করেছে বাংলাদেশ সরকার। কোটা বাড়ানো হলে আগামী বছর বাংলাদেশ থেকে প্রায় ৯৬ হাজার মানুষ হজ পালনের সুযোগ পেতে পারেন।

প্রকাশিত হজ প্যাকেজ অনুযায়ী, সৌদি আরব পর্বে জনপ্রতি সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা। আর সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা।

নতুন নির্দেশনার ফলে হজের বিভিন্ন সেবা বাবদ অর্থ পাঠানোর প্রক্রিয়া আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও সমন্বিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে আবাসন ও অন্যান্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে অর্থ পরিশোধের প্রক্রিয়ায় শৃঙ্খলা আসবে।