Image description

রাজধানী থেকে শুরু করে জেলা শহরে গত কয়েক দিন ধরে ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হচ্ছে। যেকোনও মুহূর্তে এ ধরনের বিপদের মুখে পড়তে পারেন যে কেউ। এমন পরিস্থিতির মুখোমুখি হলে কী করবেন এবং নিজেকে কীভাবে নিরাপদ রাখবেন? চলুন, জেনে নেওয়া যাক, এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন।

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের আকস্মিক পরিস্থিতিতে পথচারী ও যাত্রীদের আত্মরক্ষার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিস্ফোরণের বিষয়ে আমরা সাধারণত পরামর্শ দিই না। তবে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড কিংবা বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে কীভাবে আত্মরক্ষা করতে হবে, সে বিষয়ে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। কারণ, কখন কোথায় এ ধরনের ঘটনা ঘটবে, তা আগে থেকে কারও জানা থাকে না। তাই শুধু ফায়ার সার্ভিস এসে উদ্ধার করবে—এমন ধারণার ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে রাস্তায় চলাচলকারী পথচারী ও গণপরিবহনের যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অনেকেই রাস্তায় বা বাসে চলাচলের সময় ব্যক্তিগত, পারিবারিক কিংবা দাফতরিক চিন্তায় অন্যমনস্ক থাকেন। এ ধরনের অমনোযোগিতা পরিহার করতে হবে। চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে, যাতে আকস্মিক কোনও বিপদ দেখা দিলে দ্রুত আত্মরক্ষার ব্যবস্থা নেওয়া যায়। কারণ, পরিস্থিতি অনুযায়ী আত্মরক্ষার কৌশলও ভিন্ন হতে পারে।’

শাহজাহান সিকদার বলেন, ‘অতিরিক্ত যাত্রী হিসেবে গণপরিবহনে ওঠার প্রবণতা পরিহার করতে হবে। অতিরিক্ত ভিড়ের মধ্যে বাসের ভেতরে ঢুকে গেলে দুর্ঘটনার সময় দ্রুত বের হওয়া কঠিন হয়ে পড়ে। আবার বাসে উঠে ঘুমিয়ে পড়ার অভ্যাস থেকেও বিরত থাকতে হবে। কারণ, অগ্নিকাণ্ডের সময় আগুনের পাশাপাশি ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েও প্রাণহানির ঝুঁকি থাকে। তাই যাত্রীদের সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে বিপদের মুহূর্তে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারেন।’

পোশাকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘শীতের সময় অনেকেই ভারী ও ঢিলেঢালা পোশাক পরেন। বিশেষ করে ওড়না কিংবা পোশাকের কোনও অংশ ঝুলে থাকলে তা সহজেই আগুনের সংস্পর্শে আসতে পারে। এতে দ্রুত শরীরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই চলাচলের সময় পোশাকের ঝুলন্ত বা ঢিলেঢালা অংশের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

 

অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে শাহজাহান শিকদার বলেন, ‘‘কোনও বাসে আগুন লাগলে যত দ্রুত সম্ভব নিরাপদ পথে বেরিয়ে আসতে হবে। আগুনের ধোঁয়া সাধারণত ওপরের দিকে জমা হয়। তাই পরিস্থিতি অনুকূলে থাকলে নিচু হয়ে বা হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করতে হবে। আর  পোশাকে আগুন ধরে গেলে কোনও অবস্থাতেই দৌড়ানো যাবে না। এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘স্টপ, ড্রপ অ্যান্ড রোল’ পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ প্রথমে থেমে যেতে হবে, এরপর মাটিতে শুয়ে পড়তে হবে এবং গড়াগড়ি দিয়ে শরীরের আগুন নেভানোর চেষ্টা করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যাদের স্বাভাবিক চলাফেরা, দেখা বা শোনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, কিংবা অন্যের সহযোগিতা প্রয়োজন হয়— তারা সম্ভব হলে সহায়তাকারী সঙ্গে নিয়ে চলাচল করবেন। কারণ, আকস্মিক দুর্ঘটনার সময় তাদের পক্ষে একা নিরাপদ স্থানে সরে যাওয়া কঠিন হতে পারে।’’

গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে আরও কিছু সতর্কতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা কিংবা যাত্রীশূন্য বাসে অপ্রয়োজনে বসে থাকা পরিহার করা উচিত। যাত্রীদের চলাচলরত নিয়মিত গণপরিবহন ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে। একই সঙ্গে আশপাশের নিরাপত্তা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির দিকেও খেয়াল রাখতে হবে। খুব জরুরি প্রয়োজন না থাকলে বর্তমান পরিস্থিতিতে রাতের বেলায় অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলা ভালো। এসব সতর্কতা মেনে চললে কিছু ক্ষেত্রে বিপদের ঝুঁকি কমানো সম্ভব।’’

জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আহ্বান জানিয়ে শাহজাহান সিকদার বলেন, ‘‘কোথাও অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা ঘটতে দেখলে— দেরি না করে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন ১০২ নম্বরে ফোন করতে হবে। এটি টোল ফ্রি নম্বর। মোবাইলে ব্যালেন্স না থাকলেও কল করা যায়। অনেক সময় নিকটস্থ ফায়ার স্টেশনের ফোন নম্বর জানা থাকে না। তাই সবাই যেন ১০২ নম্বরটি মনে রাখেন। দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য দিলে ফায়ার সার্ভিসের পক্ষে প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম শুরু করা সহজ হয়।’’

ডিএমপির একজন কর্মকর্তা বলেন, চলার পথে সতর্ক থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।

পুলিশ বলছে, আশপাশে কোনো অবিস্ফোরিত ককটেল বা সন্দেহজনক কৌটা বা প্যাকেট পড়ে থাকতে দেখলে, তা হাত দিয়ে ধরা বা লাথি মারা যাবে না। ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে পৌঁছে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ঘটনাস্থল সম্পর্কে জানাতে হবে।