গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্বৃত্তরা নিজেরাই মোটরসাইকেলটি ফ্লাইওভারের ওপর নিয়ে আসে। পরে সেটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাসন থানার উপপরিদর্শক নুরু মিয়া জানান, কারা, কী কারণে মোটরসাইকেলটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।