Image description

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একই বিমানবন্দরে অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।

রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বস্তু দুটি বিমানবন্দরে কর্মরত পুলিশের নজরে আনেন। এরপর পুলিশ জায়গাটি ঘিরে রাখে।

ওসি আরও জানান, ঠিক প্রায় একই সময়ে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন জ্বালানিমন্ত্রী। তখন তিনি ভিআইপি লাউঞ্জে ছিলেন। বস্তু দুটির বিষয়ে তাকে জানানোর পর নিরাপত্তার স্বার্থে পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও ডিবিপ্রধান মো. গাজিউর রহমান বলেছেন, হ্যান্ড গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো পরীক্ষা করছে। পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর বিমানবন্দর এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে পরে বিমানবন্দরের কার্যক্রম ও যান চলাচল স্বাভাবিক হয়।