Image description

নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে মাঠের চেয়ে গণমাধ্যমেই বেশি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহারসহ আট দফা দাবিতে মঙ্গলবার দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগ।

গত ৮ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষে সভাপতি সাদ্দাম হোসেন এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

ধর্মঘটকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন, সড়ক অবরোধসহ নানা সহিংসতার ঘটনা ঘটেছে।

তবে আসিফ মাহমুদের দাবি, মাঠে ধর্মঘটের তেমন উপস্থিতি নেই। গণমাধ্যমে এর প্রচার নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে। মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে? এরা ভালো হবে না?’

আসিফের দাবির বাস্তবতায় অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে সরজমিনে দেখা গেছে, সড়কে স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অফিসে যাতায়াতের সময়ে প্রায় সব কয়টি সড়কে যানজট ছিল। গণপরিবহন থেকে ব্যক্তিগত পরিবহন সবই চলাচল করছে।