Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও প্রক্টরের পদে থাকার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।  

সাদিক কায়েম বলেন, সারাদেশে নিষিদ্ধ লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে। অথচ প্রশাসন, গোয়েন্দা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকে চলছে একধরনের নীরব প্রশ্রয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। 

তিনি বলেন, গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, চলমান নাশকতা নিয়ে তাদের কোনো বক্তব্য পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষার্থীদের নিয়ে তাদের এই উদাসীনতা চূড়ান্ত রকমের দায়িত্বহীনতার পরিচয়।  

তিনি আরও বলেন, ক্যাম্পাসের ভিতরে দিনেদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যে ভিসি ও প্রক্টর, তারা পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার রাখে না।

এর আগে, আজ বেলা ২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলা ভবন এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন গাড়িচালক ও একজন শিক্ষার্থী আহত হয়েছেন।