ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অস্ত্রসহ ঘোরাঘুরির সময় এক যুবককে আটক করেছে ছাত্রদলের নেতাকার্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) কলা ভবনের সামনের সড়কে অস্ত্রসহ যুবককে আটক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন মারাত্মক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বিস্ফোরণস্থলের পাশেই তিনি নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন। বেলা ১টা থেকে ২টার মধ্যে পাশের গাড়িটির চালক দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্য একটি সূত্র দুজন আহত হওয়ার তথ্য জানিয়েছে। এ সময় একটি গাড়ির কাচও ভেঙে যায়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ককটেলটি ভবনের ওপরের দিক থেকে ছোঁড়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি আরও বলেন, ককটেলটি কোন দিক থেকে ছোড়া হয়েছে, তা তিনি দেখতে পাননি। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও অনেকে এ ধরনের হামলার শিকার হতে পারেন।
জানা গেছে, গতকাল সোমবার বিকেল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।