নদীর বুকজুড়ে শত শত নৌকা। প্রতিটিতে বসানো ড্রেজার মেশিন। লোহার তৈরি ছেনি দিয়ে নদীর তলদেশ খুঁড়ে তোলা হচ্ছে পাথর। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। এরপর নৌকা থেকে পাথর তুলে মজুদ করা হচ্ছে নদীর পাড়ে। সেখান থেকে ট্রাকে করে এসব পাথর ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। এভাবেই নীলফামারীর তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে চলছে পাথর উত্তোলনের মহোৎসব। প্রশাসনের অভিযান, মামলা কিংবা সরঞ্জাম জব্দ, কোনো কিছুতেই থামছে না এই অবৈধ কর্মকাণ্ড।
অভিযোগ রয়েছে, অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত একটি শক্তিশালী চক্রের তৎপরতায় কার্যত অসহায় হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন। এমনকি অভিযানের তথ্য আগেই ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত নৌ পুলিশের সদস্যদের বিরুদ্ধেও।
তিস্তা ব্যারাজের উজানে তেলির বাজার, কিসামত চর ও ছোটখাতা এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় শতাধিক নৌকায় ড্রেজার মেশিন বসিয়ে লোহার তৈরি ছেনি দিয়ে নদীর তলদেশে গর্ত করে পাথর তুলছেন শ্রমিকেরা। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নীলফামারী ও লালমনিরহাট অংশের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে চলছে এই পাথর উত্তোলন। উত্তোলিত পাথর নৌকায় বোঝাই করে নদীর তীরে মজুদ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিটি ট্রাকে প্রায় ৫০০ থেকে ৭০০ ঘনফুট পাথর থাকে। এসব ট্রাক ৫০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়। পরে উত্তোলিত পাথর দেশের বিভিন্ন জেলার নির্মাণকাজে সরবরাহ করা হয়।
নদীর তলদেশে নির্বিচারে খননের ফলে তিস্তার স্বাভাবিক প্রবাহ ও প্রাকৃতিক গঠনে পরিবর্তন দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে একাধিক সরু চ্যানেল। আশপাশের অন্তত ২০টি গ্রামে দেখা দিয়েছে ভাঙন। নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে তিস্তা ব্যারাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও তীরবর্তী জনপদ।
কিসামত চর গ্রামের আরিফ হোসেন, আনোয়ার আলীসহ অন্তত ১০ জন বাসিন্দা জানান, পাথর উত্তোলনের কারণে গত দুই বছরে তাদের গ্রামটি বিলীন হয়ে গেছে। বসতভিটা হারিয়ে কয়েক হাজার মানুষ এখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রাস্তার ধারে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রবিউল আলম বলেন, গত দুই বছর ধরে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নদী থেকে পাথর তোলা হচ্ছে। পরে ট্রাকে করে সেই পাথর বন্যা নিয়ন্ত্রণ বাঁধকাম সড়ক দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, পাথর উত্তোলনকারীরা নদীতে প্রবেশের বিভিন্ন সড়কে নজরদারির জন্য লোক নিয়োগ করে রেখেছেন। প্রশাসনের কোনো গাড়ি দেখলেই মোবাইল ফোনে খবর পৌঁছে দেওয়া হয়। ফলে অভিযান শুরুর আগেই শ্রমিক ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার সুযোগ পান সংশ্লিষ্টরা। এতে অধিকাংশ অভিযানেই অপরাধীদের হাতেনাতে আটক করা সম্ভব হয় না।
স্থানীয় সংবাদকর্মী রেজোয়ান ইসলাম বলেন, প্রতিদিন তিন থেকে চার শতাধিক নৌকায় পাথর উত্তোলন করা হচ্ছে। অথচ সেখানে বিজিবি ক্যাম্প এবং নৌ পুলিশ রয়েছে। তার অভিযোগ, কিছু নৌ পুলিশ সদস্য পাথর লুটেরাদের সঙ্গে জড়িত। তারা অভিযানের তথ্য আগেই ফাঁস করে দেন। ফলে অধিকাংশ সময় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয় না। বিনিময়ে দায়িত্বে থাকা নৌ পুলিশ সদস্যদের মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়া হয়।
গোপন ক্যামেরায় পাথর উত্তোলনের প্রতিটি নৌকা থেকেই মাসোহারা নেওয়ার কথা স্বীকার করেছেন ডালিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সদস্য এএসআই স্বপন ও শামীম। তাদের ভাষ্যমতে, চাঁদা না দিলে পাথর বহনকারী ট্রাক আটক করা হয়।

তিস্তায় অবৈধ পাথর উত্তোলনকে কেন্দ্র করে শুধু নদী ও পরিবেশের ক্ষতিই হচ্ছে না, এই বাণিজ্য টিকিয়ে রাখতে প্রকাশ্যে চলছে দেশীয় অস্ত্রের মহড়া, সংঘাত ও সংঘর্ষ। প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন প্রশাসনের সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরাও।
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরফিনুল জানান, তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের দৃশ্য ধারণের সময় তাদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় লিটন ইসলাম, জাহাঙ্গীর ও জাফরসহ ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। এমনকি গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে পাথরখেকোদের হামলার শিকার হয়েছেন তিনি। তাকে আঘাত করা হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। পরবর্তী সময়ে তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। বর্তমানে মামলাটি চলমান।
স্থানীয়দের অভিযোগ, তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে ২০-৩০ জনের একটি চক্র জড়িত। এই চক্রের মূল হোতা টেপাখড়িবাড়ী এলাকার বাসিন্দা পাথর ব্যবসায়ী জিয়াউর ইসলাম। অন্যদিকে, গয়াবাড়ী এলাকায় কার্যক্রম পরিচালনা করেন জাহাঙ্গীর আলম নামের আরেক পাথর ব্যবসায়ী।
তবে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এখানে শতাধিক মানুষ পাথর তোলেন। তিনি বৈধভাবে আমদানি করা পাথরের ব্যবসা করেন। একটি চক্র তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

তবে পাথর উত্তোলনের চক্রের মূল হোতা জিয়াউর ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, অবৈধ পাথর কারবারিদের বিরুদ্ধে থানায় অন্তত ১৫টি মামলা হয়েছে। বিভিন্ন মামলায় ইতোমধ্যে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অল্প সময়ের মধ্যেই আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর আবারও অবৈধ পাথর উত্তোলনে জড়িয়ে পড়েন। এ কারণেই বারবার অভিযান চালিয়েও পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হচ্ছে না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, নদীর তলদেশ কেটে পাথর তোলা হলে নদীর গভীরতা নষ্ট হবে এবং ভাঙন আরও তীব্র হবে।
অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নদী রক্ষা আন্দোলনের সংশ্লিষ্টরা। ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন’-এর কেন্দ্রীয় সদস্য সোহেল হাসান বলেন, শুধু অভিযান চালিয়ে এ সমস্যার সমাধান হবে না। কারা নেতৃত্ব দিয়ে বালু উত্তোলন করছে, কোথায় সেই বালু যাচ্ছে এবং কারা তা কিনছে– পুরো চক্রকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, তথ্য পেলেই তারা অভিযান চালান। যন্ত্রপাতি জব্দ, মামলা এবং কাউকে হাতেনাতে পেলে গ্রেপ্তার করা হয়। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় অভিযান শেষ হওয়ার পরপরই আবার অবৈধভাবে পাথর উত্তোলন শুরু করেন সংশ্লিষ্টরা।
তিস্তা ব্যারাজ পরিদর্শনে এসে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এই অপকর্মের সঙ্গে যে-ই জড়িত থাকুক, যে দলেরই হোক, তাদের শাস্তির আওতায় আনতে দুই জেলার প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হবে।