Image description

শহিদ নূর হোসেনের আত্মত্যাগের সম্মানে তার বাবা-মাকে মিরপুরে পাঁচ কাঠা জমি দেওয়া হয়েছিল। সেই জমিতে বহুতল ভবন তুলে বিলাসবহুল জীবন যাপন করছেন নূর হোসেনের তিন ভাই। কিন্তু জীবন সায়াহ্নে নূর হোসেনের মায়ের জন্য জায়গা হয়েছিল ১০০ বর্গফুটেরও ছোট একটি ঘরে।

নাম প্রকাশ না করার শর্তে পরিবারের এক সদস্য স্ট্রিমকে জানিয়েছেন, ‘মা মরিয়ম বিবিকে বড় ছেলে কষ্ট দিয়েছেন। নিজে বড় ঘরে থাকলেও মাকে রেখেছিলেন ছোট একটি ঘরে। শেষ সময়টা তিনি কষ্টেই কাটিয়েছেন।’

মা মরিয়ম বিবির ছোট ঘরে থাকার কথা স্বীকার করলেও তাঁকে কষ্টে রাখার অভিযোগ অস্বীকার করেছেন নূর হোসেনের বড় ভাই আলী হোসেন। তিনি স্ট্রিমকে বলেন, ‘মা তাঁর ইচ্ছেতেই ছোট ঘরে ছিলেন। এখানে কষ্টে রাখা হয়নি। তিনি একা নীরবে থাকতে চেয়েছিলেন তাই। এর বাইরে কিছু নয়।’

‘স্বৈরাচার নীপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান ফিরিয়ে আনে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের আইকনিক চরিত্র শহিদ নূর হোসেনের স্মৃতি। ১০ নভেম্বর এলেই আলোচনায় আসে তাঁর নাম।

নূর হোসেনের আত্মত্যাগের সুবিধাভোগী হয়েছেন তাঁর ভাইবোন। কিন্তু তাঁর স্মরণে পরিবারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না।

পুরান ঢাকার ছোট বাড়ি থেকে মিরপুরে বহুতল ভবন

মুক্তিযুদ্ধের পর পুরান ঢাকার বনগ্রামের ৭৯/১ নম্বরের একটি ছোট বাড়িতে বসবাস করতেন মুজিবুর রহমান ও মরিয়ম বিবি। ৩০০ টাকার বিনিময়ে ‘শত্রু সম্পত্তি’-এর এই বাড়িটির দখল বুঝে পান তাঁরা। এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেন শহিদ হলে মিরপুর-১-এ তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে পাঁচ কাঠা জমি পান নূর হোসেনের বাবা। সেখানে টিনের একটি বাড়ি নির্মাণ করেন। ১৯৯৮ সালের দিকে বনগ্রামের বাড়িটি ৬০ হাজার টাকার বিনিময়ে অন্যজনকে বুঝিয়ে দিয়ে মিরপুরে বসবাস শুরু করেন তাঁরা।

জায়গাটি শুরুতে নূর হোসেনের বাবা মুজিবুর রহমানের নামে ছিল। তাঁর মৃত্যুর পর জমিটি স্ত্রী মরিয়ম বিবির নামে রেজিস্ট্রি করা হয়। ২০০৫ সালের দিকে ক্যাসেরো ডেভেলপারের সঙ্গে ভবন নির্মাণের চুক্তি করে নূর হোসেনের পরিবার।

নগদ ৪০ লাখ টাকা ও ১৩-তলা শহিদ নূর হোসেন টাওয়ার নির্মাণ করে ৫৫ ও ৪৫ শতাংশ হারে ফ্লোরস্পেস বণ্টনের চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি। তবে তিনতলা পর্যন্ত কাজ শেষে কাজ আর এগোয়নি। এ বিষয়ে স্ট্রিমকে আলী হোসেন বলেন, ‘ডেভেলপার কোম্পানি যা দিয়েছিল, তা সবাই ভাগ করে নেয়া হয়েছে।’ একই দাবি নূর হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেনেরও।

বর্তমানে শহিদ নূর হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় তিন হাজার বর্গফুটের বেশি ফ্লোরস্পেসের ফ্ল্যাটে থাকছেন বড় ভাই আলী হোসেন। এছাড়া তৃতীয় তলায় প্রতিটি প্রায় ১ হাজার ৭০০ বর্গফুটের দুটি ফ্ল্যাটে থাকেন মেজো ও ছোট ভাই। তবে এই ভবনে জায়গা হয়নি ছোট বোন শাহানা বেগমের। বাইরে থাকার জন্য প্রতিমাসে তাঁকে ৩৫ হাজার টাকা দেওয়ার দাবি করেন তিন ভাই।

 

মিরপুর-১ নম্বরে অবস্থিত শহিদ নূর হোসেন টাওয়ার। ছবি: সংগৃহীত
মিরপুর-১ নম্বরে অবস্থিত শহিদ নূর হোসেন টাওয়ার। ছবি: সংগৃহীত

 

নূর হোসেন টাওয়ার থেকে আয়

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেন অংশ নিলেও তাঁর পরিবারের আর কোনো সদস্য অংশ নেননি। তবে নূর হোসেন শহিদ হওয়ার পর তাঁর সম্মানে পাওয়া জায়গার সুবিধাভোগী হচ্ছেন ভাইয়েরা। নূর হোসেন টাওয়ার থেকে প্রতিমাসে পাঁচ লাখের বেশি টাকা আয় হয়। অভিযোগ রয়েছে, এর পুরোটা নিজেদের জন্য ব্যয় করেন ভাইয়েরা।

এই ভবনের নিচতলার বাণিজ্যিক অংশের পজেশন বাবদ প্রায় ২২ লাখ টাকা নিয়েছেন তাঁরা। এর মধ্যে ভাড়া দিয়ে একটি ব্যাংকের কাছ থেকে পেয়েছেন সাত লাখ টাকা। অন্য প্রতিটি দোকান থেকে গড়ে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন। এই আয় দিয়ে সাভারে সম্পত্তি কেনা হয়েছে।

পজেশন নেওয়ার বিষয়টি স্ট্রিমকে নিশ্চিত করেছেন নূর হোসেন টাওয়ারের একাধিক ব্যবসায়ী। শহিদ অটোসের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম স্ট্রিমকে বলেন, তিন বছরের জন্য ৩ লাখ টাকা দিতে হয়েছে। এছাড়া প্রতি মাসে ভাড়া দিতে হয়। একই পরিমাণ টাকা দেওয়ার কথা জানিয়েছেন সানজিদা মোটরসের ম্যানেজার।

বর্তমানে শহিদ নূর হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় তিন হাজার বর্গফুটের বেশি ফ্লোরস্পেসের ফ্ল্যাটে থাকছেন বড় ভাই আলী হোসেন। এছাড়া তৃতীয় তলায় প্রতিটি প্রায় ১ হাজার ৭০০ বর্গফুটের দুটি ফ্ল্যাটে থাকেন মেজো ও ছোট ভাই।

 

ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়া ও জমি কেনার বিষয়ে আলী হোসেন স্ট্রিমকে বলেন, ‘ব্যাংককে ভাড়া দেওয়ার সুবাদে তাদের কাছ থেকে ৭ লাখ টাকা পেয়েছি। আর এই টাওয়ারের থেকে উপার্জিত টাকা দিয়ে সাভারে জায়গা কেনা হয়েছিল।’

এসব বিষয়ে সরেজমিনে যাচাই করতে গেলে ক্ষিপ্ত হন ছোট ভাই আনোয়ার হোসেন। তিনি স্ট্রিমকে বলেন, ‘নূর হোসেন নিয়ে নিউজ করতে এসে এসব নিয়ে কথা বলছেন কেন? দোকানের ভাড়া কত টাকা জেনে কী করবেন?’

বড় ভাইয়ের বিআরটিএতে প্রভাব বিস্তার

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ হওয়ায় নূর হোসেনের প্রতি সব রাজনৈতিক দলই শ্রদ্ধাশীল। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আলী হোসেন। তার প্রথম সুযোগ আসে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গাড়িচালক হিসেবে নিয়োগ দেন। এরপর তিনি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) শুরু হয় তার আধিপত্য। অভিযোগ রয়েছে, প্রতিবছর সেখানে কেবল লাইসেন্স নিয়ন্ত্রণ করেই মোটা অঙ্কের টাকা কামিয়েছেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আলী হোসেন। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমি এমন কোনো কিছুই করিনি। তবে হ্যাঁ, ৫০০ সিএনজি চেয়েছিলাম। কয়েকজনের চাকরি ছিল না। তাদের জন্য বলেছিলাম। পরে তাদের চাকরি হয়েছিল। এইটুকুই। এছাড়া চালকদের অধিকার নিয়ে কথা বলতাম, তারা যেন সুযোগ-সুবিধা পান। আর কোনো চালক এলে তাকে সহযোগিতার চেষ্টা করেছি। এটি মানে তো আর বাণিজ্য না।’

নিজে পেশাদার চালক হিসেবে কাজ করলেও আলী হোসেনের একাধিক গাড়ি ও ড্রাইভার ছিল বলে নিশ্চিত করেছেন তার পরিবারের এক সদস্য।

পিছিয়ে নেই ছোট ভাইও

বিভিন্ন সূত্রে জানা যায়, বড় ভাইয়ের মতো নাম ব্যবহার করে অর্থ, রাজনীতি ও ক্ষমতা দেখিয়েছেন ছোট ভাই আনোয়ার হোসেনও। তিনিও বিআরটিএর কর্মচারী ছিলেন। সেখানে বিভিন্ন তদবির ও লাইসেন্স করিয়ে দেওয়ার কাজে বড় ভাইয়ের সহযোগী হয়ে উঠেছিলেন তিনি।

বিআরটিএতে কাজ করার কথা স্বীকার করলেও এসবের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন আনোয়ার হোসেন। স্ট্রিমকে তিনি বলেন, ‘আমি বিআরটিএতে কাজ করেছি। কিন্তু কোনো অনিয়মের সঙ্গে যুক্ত ছিলাম না।’

আনোয়ার হোসেন তার ছেলেকে অর্ধকোটি টাকা খরচ করে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছেন। এই খরচের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ছেলের মামারা এই অর্থ দিয়ে সহযোগিতা করেছে।’

তবে তার স্ত্রী জানান, ছেলে বাইরে যাওয়ার ক্রেডিট মৃত শহিদ নূর হোসেনের। তিনি বলেন, ‘আমরা আজ যেমন আছি, তা আমার ভাসুরের (নূর হোসেন) জন্যই। আমার ছেলেকে অস্ট্রেলিয়া পাঠিয়েছি সেটাও তারই জন্য সম্ভব হয়েছে।’

ফাউন্ডেশন থাকলেও নূর হোসেনের স্মরণে অনুষ্ঠান হয় না

নূর হোসেনের নামে একটি ফাউন্ডেশন (শহিদ নূর হোসেন স্মৃতি ফাউন্ডেশন) খুলেছেন ছোট ভাই আনোয়ার হোসেন। কিন্তু নূর হোসেনের স্মরণে কোনো অনুষ্ঠান আয়োজন করে না ফাউন্ডেশনটি। বরং এর মাধ্যমে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন আনোয়ার।

এদিকে নূর হোসেন টাওয়ার থেকে আয়ের টাকায় তাঁর স্মরণে কোনো আয়োজন করা হয় কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখান থেকে যে আয় হয়, সেটি দিয়ে বিদ্যুৎ বিলই দেওয়া যায় না। উল্টো আমাদের পকেট থেকে দিতে হয়।’