এক এলাকায় কেউ নিখোঁজ, অন্য এলাকায় উদ্ধার হচ্ছে অজ্ঞাতপরিচয় মরদেহ। স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনকে, অথচ তাঁদের খোঁজ মিলছে না।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালিসিস শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। এতে দেশের যেকোনো স্থানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের বিস্তারিত তথ্য অনলাইন জিডি সফটওয়্যারের নির্ধারিত মডিউলে অন্তর্ভুক্ত ও হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তাঁর পরিবারের সন্ধান করা জরুরি। এত দিন এ ধরনের মরদেহের বিস্তারিত তথ্য সাধারণত সংশ্লিষ্ট উদ্ধারকারী থানায় সংরক্ষিত থাকত।
নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তারা অজ্ঞাতপরিচয় মরদেহের বিস্তারিত তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করলে তা স্বয়ংক্রিয়ভাবে নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সঙ্গে তুলনা করা হবে। সম্ভাব্য মিল পাওয়া গেলে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সূত্র পাবেন। ফলে এক এলাকার নিখোঁজ ব্যক্তির সন্ধান অন্য এলাকায় উদ্ধার হওয়া মরদেহের মাধ্যমে পাওয়ার সুযোগ তৈরি হবে।
মানবাধিকারকর্মীদের মতে, অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় শনাক্ত করা শুধু তদন্তের বিষয় নয়, এটি মৃত ব্যক্তির মর্যাদা এবং তাঁর পরিবারের জানার অধিকার প্রতিষ্ঠার সঙ্গেও সম্পর্কিত।
আঞ্জুমান মুফিদুল ইসলামের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সংস্থাটি মোট দুই হাজার ১০৪টি বেওয়ারিশ মরদেহ দাফন করেছে। এর মধ্যে ২০২৩ সালে ৪৯০টি, ২০২৪ সালে ৫৭০টি, ২০২৫ সালে ৬৪৪টি এবং চলতি বছরের প্রথম আট মাসে ৪০০টি মরদেহ দাফন করা হয়েছে।
এদিকে গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন থানায় ১৫ হাজার ৭১৭ জন নিখোঁজ শিশুর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এসব শিশুর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে খুঁজে পাওয়া গেছে। তবে ওই সময় পর্যন্ত নিখোঁজ ছিল এক হাজার ৯৭০ শিশু।
মাঠ পর্যায়ের দুজন পুলিশ কর্মকর্তা জানান, নতুন ব্যবস্থা কার্যকর করতে উদ্ধার হওয়া প্রতিটি অজ্ঞাতপরিচয় মরদেহের তথ্য নির্ভুলভাবে সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা জরুরি। এ ক্ষেত্রে মরদেহ উদ্ধারের স্থান, আনুমানিক বয়স, শারীরিক বৈশিষ্ট্য, পরনের পোশাক, উদ্ধারের সময় এবং পরিচয় শনাক্তে সহায়ক অন্যান্য তথ্য যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তির জিডির তথ্যও নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উদ্যোগটির সফলতা নির্ভর করবে মাঠ পর্যায়ে এর কার্যকর বাস্তবায়নের ওপর। প্রতিটি থানায় নিয়মিত তথ্য অন্তর্ভুক্তি, কেন্দ্রীয় পর্যায়ে তদারকি এবং নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা গেলে অনেক অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। সূত্র জানায়, গত ৪ নভেম্বর পুলিশ সদর দপ্তর আরেকটি চিঠি দিয়ে ১২ নভেম্বরের মধ্যে বেওয়ারিশ মরদেহের তথ্য নির্ধারিত মডিউলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে।
অপরাধ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহের তথ্যের কেন্দ্রীয় ডেটা বেইস তৈরি হলে শুধু পরিচয় শনাক্ত নয়, অপরাধ তদন্তেও সহায়ক তথ্য পাওয়া যেতে পারে। বিশেষ করে বিভিন্ন এলাকায় মরদেহ উদ্ধারের ঘটনা, নিখোঁজ ব্যক্তিদের ধরন এবং অপরাধের সম্ভাব্য যোগসূত্র বিশ্লেষণে এ তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জানতে চাইলে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম কালের কণ্ঠকে বলেন, ‘নতুন মডিউল সংযোজন একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে দেশের যেকোনো স্থানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের তথ্যের সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের তথ্য দ্রুত যাচাই ও মিলিয়ে দেখার সুযোগ তৈরি হবে। ফলে পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও কার্যকর হবে।’