খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. সুজাত আহমেদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়েছে একটি সন্ত্রাসী সংগঠন। রবিবার রাত ১১টার দিকে তার হোয়াটস অ্যাপস নম্বরে ফোন ও মেসেজ দিয়ে এ চাঁদা দাবি করা হয়। ঘটনার পর থেকে তিনি আতঙ্কে রয়েছেন।
ডা. সুজাত আহমেদ তার কাছে চাঁদা দাবির সত্যতা স্বীকার করে বলেন, রবিবার রাত ১১টার দিকে তার হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে নগরীর শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি’ কোম্পানি পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সঙ্গে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। এ ঘটনার পর থেকে অপরিচিত কারো ফোন ধরছেন না তিনি। ভয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তিনি জানান, চাঁদা দাবি করে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে।
অপরদিকে সম্প্রতি ভাঙচুর হওয়া অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে ফের চাঁদা দাবি করে হুমকি দেওয়ায় প্রতিষ্ঠানটি গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়। পরে ঐ সন্ত্রাসীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি ফের চালু করতে ‘নির্দেশ’ দিলে সেটি আবার খোলা হয়। এর আগে গত ৭ নভেম্বর দুপুরে নগরীর খানজাহান আলী সড়কের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। এর পর থেকে তারা ঐ প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছে। রবিবার কয়েক দফায় প্রতিষ্ঠানটির কাছে চাঁদা চাওয়া হয়। প্রথমে ৩০ লাখ, এরপর ২০ লাখ, সর্বশেষ ১০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। এ সময় প্রতিষ্ঠান মালিকের পক্ষে ম্যানেজার জাহিদ বলেন—‘এত টাকার মালামাল আমাদের নেই। এত টাকা দেওয়ার ক্ষমতাও প্রতিষ্ঠানের নেই। তখন সন্ত্রাসীদের পক্ষ থেকে বলা হয় ‘চাঁদা না দিতে পারলে রাত ১১টার মধ্যে প্রতিষ্ঠান বন্ধ করে দিবি’।
ম্যানেজার জাহিদ বলেন, তিনটি হোয়াটঅ্যাপ নম্বর থেকে নূর আজিম পরিচয় দিয়ে ফোনগুলো আসে। এরপর কর্তৃপক্ষ রাত ১১টার আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে গতকাল সোমবার দুপুর পর্যন্ত বন্ধ রাখেন। এ সংবাদ পেয়ে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে প্রতিষ্ঠানটির সামনে থেকে লাইভ দেওয়া শুরু করলে ফেসবুকে বিষয়টি অভিযুক্ত নূর আজিমের নজরে আসে। তখন তিনি প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে ফোন করে বলেন, ‘প্রতিষ্ঠান না খুললে তোদের হত্যা করা হবে’। ম্যানেজার জাহিদ জানান, এরপর কর্তৃপক্ষ বসে দুপর ১টার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম ফের শুরু করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়নি। তবে ফোনে কথা হওয়ার পর তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে বলেছি। তারা খুলেছে।