Image description

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

তিনি বলেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আসামি ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই তাকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত ছিল।

এদিকে ঘটনার পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে পালিয়ে যান। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সরেজমিনে ওই ভবনে গিয়ে বাসাটি জনশূন্য দেখা যায়।

এর আগে সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হন জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় কালো শার্ট পরা ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে।

জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সে ছুরিটি ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ইমন। একই কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। এসব কুপ্রস্তাব ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে এ হামলা চালায়।