Image description

চট্টগ্রাম রেলপথে একের পর এক ঘটে চলেছে ট্রেনের লাইনচ্যুতি। কখনো যাত্রীবাহী ট্রেনের বগি, কখনো তেলবাহী ট্রেনের ওয়াগন, আবার কখনো মালবাহী ট্রেনের বগি লাইন থেকে ছিটকে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, চলতি বছর চট্টগ্রামে ২৮ বার ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে ১১ বার। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যানুযায়ী, লাইনচ্যুতির ঘটনা থামছে নানা দায়িত্বহীনতার কারণে। যেমন  ত্রুটিপূর্ণ রেললাইন, সিগন্যাল ওভারশুট, লাইনে কাজ করার তথ্যগুলো জায়গামতো জানানো হচ্ছে না। ফলে কোথাও ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ, কোথাও রেলক্রসিংয়ে যানবাহন উঠে পড়ার মতো ঘটনা ঘটছে।

আবার অনেক সময় মেকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অবহেলার কারণেও ট্রেন দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির সুপারিশ আলোর মুখ দেখে না, অথবা সেই সুপারিশ পড়ে থাকে ফাইলবন্দি হয়ে। তা ছাড়া দুর্ঘটনার বিষয়ে দায়সারাভাবে তদন্ত কমিটি করে দায়িত্ব শেষ করার ঘটনাও ঘটছে। রেলওয়ে বিভাগীয় পরিবহন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে বিভাগে চলতি বছর ২৮টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে মেইন লাইনে ৯ বার, শাখা লাইনে ৮ বার এবং রেলওয়ে পূর্বাঞ্চলের ইয়ার্ডে ১১ বার দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২ বার, মার্চ মাসে ৫ বার, এপ্রিলে ১ বার, মে মাসে ২ বার, জুন মাসে ৬ বার, জুলাই মাসে ৩ বার, আগস্ট মাসে ২ বার, সেপ্টেম্বরে ৬ বার ও অক্টোবরে ১ বার ট্রেন দুর্ঘটনা ঘটেছে। জানুয়ারি মাসে কোনো দুর্ঘটনা ঘটেনি।

সূত্র জানায়, সর্বশেষ গত ২২ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রেললাইনের কুমিল্লা জেলার লাকসামের আজগরা বাজারসংলগ্ন এলাকায় কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। লাকসাম উপজেলার আজগরা বাজারসংলগ্ন নাওটি স্টেশনের আউটার এলাকায় মেরামতের কাজ চলছিল। রেললাইন মেরামতের কাজ চললেও এ বিষয়ে রেলওয়ের কন্ট্রোল রুম এবং নাঙ্গলকোট ও লাকসাম রেলস্টেশন কর্তৃপক্ষকে না জানানোয় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ট্রেনের বগিগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি বেশ কয়েকটি সুপারিশ করলেও শাস্তির সুপারিশগুলো আলোর মুখ দেখেনি।

এর আগে ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ার চক্রশালা স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। প্রায় এক কিলোমিটার দূরে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনটির সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের কিছুক্ষণ পরই বগিটি লাইনচ্যুত হয়। তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য সূত্রে তথ্য থেকে জানা গেছে, এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো রেলওয়ে দুর্ঘটনার জন্য সিগন্যাল ওভারশুট, লাইনে কাজ করার বিষয়টি অবহিত না করা, রেললাইনের সমস্যা, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না করা, মেকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের গাফিলতি, রেললাইনের ত্রুটি, রেললাইনের অবস্থান ও রক্ষণাবেক্ষণ, ক্রসিংয়ের নিরাপত্তা এবং যান্ত্রিক ত্রুটিসহ নানা কারণ চিহ্নিত করেছে। 

চট্টগ্রামের রেলপথে লাইনচ্যুতির ঘটনা ঘটার পর বারংবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয় না, অনেক ক্ষেত্রেই সুপারিশ ফাইলচাপা পড়ে থাকে। এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, ‘কোনো দুর্ঘটনা ঘটলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে কোনো ব্যক্তির দোষ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ থেকে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। লাকসামের ঘটনায় চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’