Image description

দেশে কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যের সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি বলে জানিয়েছেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, এ দুর্বলতার সুযোগ নিচ্ছেন উৎপাদক ও ভোক্তার মধ্যবর্তী বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী। পণ্য পরিবহন থেকে শুরু করে পাইকারি ও খুচরা বাজার পর্যন্ত কয়েক দফা হাতবদল, চাঁদাবাজি এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরবরাহব্যবস্থাকে সংগঠিত, নিয়মতান্ত্রিক ও ডিজিটালাইজ করার পাশাপাশি বাজারে নজরদারি এবং আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাদের সিন্ডিকেট ভাঙতে হবে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মধ্যবর্তী পর্যায়ের ব্যবসায়ীদের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ কার্যকর সাপ্লাই চেইন না থাকলে উৎপাদকের কাছ থেকে কৃষিপণ্য যথাযথভাবে বাজারে পৌঁছানো কঠিন। তবে সরবরাহব্যবস্থা দুর্বল হওয়ায় এসব ব্যবসায়ীর কেউ কেউ এককভাবে বাজার নিয়ন্ত্রণ করে বাড়তি সুবিধা নিচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে সাপ্লাই চেইনগুলো এখনো খুব ভালোভাবে গড়ে ওঠেনি। কৃষিপণ্য হোক কিংবা শিল্পপণ্য-প্রায় সব ক্ষেত্রেই এ সমস্যা রয়েছে। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত ট্রাক মালিক, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের এজেন্টরা যুক্ত থাকেন। বাজারে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁরা না থাকলে কৃষিপণ্য যথাযথভাবে বাজারে আসতে পারত না। তবে এ ব্যবস্থার দুর্বলতার সুযোগে মধ্যবর্তী পর্যায়ের ব্যবসায়ীরা অনেক সময় বাড়তি মুনাফা করছেন বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, পরিবহন পর্যায়েও বিভিন্ন ধরনের অনিয়ম ও চাঁদাবাজি রয়েছে। এমনকি রাজধানীর কারওয়ান বাজারে একটি ট্রাক পৌঁছানোর পর ট্রাক থেকে আড়ত পর্যন্ত যেতে চার-পাঁচবার হাতবদলের ঘটনা ঘটে। এসব পর্যায়ে অতিরিক্ত খরচ যুক্ত হওয়ায় শেষ পর্যন্ত পণ্যের দাম বেড়ে যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আতিয়া সুলতানা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী হাতবদলের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরির প্রবণতাও দেখা যায়। এ ধরনের পরিস্থিতিতে পণ্যের সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট তৈরি বন্ধ করাই অধিদপ্তরের তদারকির অন্যতম লক্ষ্য। সরবরাহ চ্যানেল যেন স্বাভাবিক থাকে, সেজন্য আমরা প্রতিনিয়ত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছি।বাজারে কয়েক দফা হাতবদলের মাধ্যমে সবজিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর বিষয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে সাম্প্রতিক সময়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে আতিয়া সুলতানা বলেন, প্রতিদিনই প্রয়োজনীয় নিত্যপণ্যের বাজার তদারকি করা হচ্ছে। ভোজ্য তেল, ডিম, চাল, ডাল, ছোলা, ফল ও খেজুরসহ বিভিন্ন পণ্যের বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে অধিদপ্তর।