Image description

অটোচালকদের ১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এর আগে তারা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন।

এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে অটোচালানো বন্ধ রাখেন তারা। অটোচালক মাহবুব বলেন, ‘আমাদের ১২ দফা দাবিতে আমরা কর্মসূচি পালন করছি।’ 

এদিকে অটোচালকদের ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি তাদের ওপর।’ 

১২ দফা দাবি 

বিআরটিএ-র মাধ্যমে লাইসেন্স: দেশের সড়কের উপযোগী নকশায় ব্যাটারিচালিত যানবাহন আধুনিকায়ন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে লাইসেন্স প্রদান করতে হবে। 

যৌক্তিক রুট পারমিট: ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার যানবাহনের জন্য সুনির্দিষ্ট ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিত করতে হবে।

চালকদের ড্রাইভিং লাইসেন্স: পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে ব্যাটারিচালিত যানবাহনের চালকদের আনুষ্ঠানিকভাবে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বন্ধ: অটোরিকশা চার্জ দেওয়ার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বা হয়রানি করা বন্ধ করতে হবে।

যানবাহন আটক ও ডাম্পিং বন্ধ: লাইসেন্স প্রদান না করা পর্যন্ত অযথা গাড়ি আটক, ডাম্পিংয়ে পাঠানো এবং জরিমানা আদায় বন্ধ করতে হবে।

পুলিশি হয়রানি বন্ধ: চালকদের ওপর পুলিশি নির্যাতন ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

অবাধ চলাচল: শহরের ছোট-বড় বা প্রাপ্য সব সড়কে কোনও ধরনের বাধা ছাড়াই অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।

শ্রমিকদের সামাজিক নিরাপত্তা: শ্রমিকদের ন্যূনতম মুজুরি, কাজের নির্দিষ্ট সময় এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

গ্যারেজ ও চার্জিং পয়েন্ট নীতিমালা: নিরাপদ ও বৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও সহজ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে।

শ্রমিকদের আইনি অধিকার: আটককৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং মামলার নামে হয়রানি বন্ধ করতে হবে।

কল্যাণ ট্রাস্ট গঠন: অটোরিকশা শ্রমিকদের জন্য একটি স্বতন্ত্র কল্যাণ ট্রাস্ট গঠন করে চিকিৎসা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। 

নতুন নিয়ম ও প্রজ্ঞাপন সংশোধন: সম্প্রতি জারিকৃত বা প্রস্তাবিত বিধিনিষেধের যেসব ধারা শ্রমিকদের জীবিকার পরিপন্থি, তা সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে।