দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২,৩৩৩ জন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ১, ১২৪ জন, ময়মনসিংহে ৭০, চট্টগ্রামে ২৭২, খুলনায় ৩৩২, রাজশাহীতে ২১৩, রংপুরে ৭৫, বরিশাল বিভাগে ২৩২ এবং সিলেট বিভাগে ১৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে হাসপাতাল অসুস্থ হয়ে ভর্তি রয়েছে ৬,০৬৩ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। আর মোট মৃত্যু হয়েছে ৪৬১ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
এবার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২২১ জনের মৃত্যু হয়েছে। এর পরেই যথাক্রমে খুলনা বিভাগে ৮৪, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩১, রাজশাহীতে ২৯, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছে।