চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনের পর উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছারকে। তবে এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘দাপ্তরিক কাজে আমি ঢাকায় অবস্থান করব। এমতাবস্থায় আমার অনুপস্থিতিতে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার রুটিন দায়িত্ব পালন করবেন।’
তবে এই দায়িত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করে এই দায়িত্ব দেওয়া হয়নি। উনি (উপাচার্য) নিজে থেকে একটা ই-মেইল লিখলেই কি আমি এই দায়িত্ব পালন করব? আমি উনাকে মোবাইলে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছি, প্রত্যাখ্যান করেছি। আমি উনাকে বলেছি, দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন। আমি এসবে নেই।’
এর আগে, রোববার দুপুরে এক ই-মেইল বার্তায় একদিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে। ওই বার্তায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম উল্লেখ করেন, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে অধ্যাপক দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। ১ নভেম্বর বিকাল থেকে এই দায়িত্ব কার্যকর হয়। ২ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তা বহাল থাকার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কর্মস্থলে না ফেরায় অধ্যাপক কাউছারকে এ দায়িত্ব দেন চুয়েট উপাচার্য।