নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। তবে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) শেষে গ্যাসের প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
ডিএসটি হলো তেল-গ্যাস অনুসন্ধানের সময় কোনো কূপের নির্দিষ্ট স্তরে গ্যাস বা তেলের উপস্থিতি, চাপ এবং উৎপাদনক্ষমতা যাচাই করার পরীক্ষা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে গ্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ চলার পর সোমবার দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে আশপাশের এলাকা অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠায় পরে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের উপস্থিতিতে আবারও আগুনের শিখা জ্বালানো হবে বলে জানান বাপেক্সের এই কর্মকর্তা।