Image description

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। পাশাপাশি হামলায় সময় টিভির এক সাংবাদিক ও ক্যামেরাপারসন আক্রান্ত হয়েছেন এবং এসএ টিভির এক ক্যামেরাপারসন পায়ে আঘাত পেয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা এগিয়ে গেলে কয়েক দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সকাল ১১টার দিকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেন। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

পরে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় সময় টিভির এক প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। অন্যদিকে, এসএ টিভির এক ক্যামেরাপারসন পায়ে আঘাত পান।

শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ একসঙ্গে কাজ করছে।

শীর্ষনিউজ