Image description

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ির প্যারাগন মাঠসংলগ্ন এলাকা থেকে রাজিবকে আটক করা হয়। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসার ৪ নম্বর ওয়ার্ড।

বর্তমানে তিনি উত্তরার ওই এলাকায় বসবাস করছিলেন।

সোমবার (২ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, রোববার রাতে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়েছে। মিরপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এ ঘটনায় পল্লবী থানায় নির্দিষ্ট মামলা থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। রোববার মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ঘটনায় দায় স্বীকার করে পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। পরে তাকে শনাক্ত করে আটক করে পুলিশ।



শীর্ষনিউজ