একদিন আগেও পরিবারজুড়ে ছিল আনন্দ। পরিবারের একমাত্র ছেলে সাকিব ব্যাপারী (২১) আলিম পরীক্ষায় পাস করেছেন। ফল প্রকাশের পর স্বজনদের চোখেমুখে ছিল স্বস্তি, আর তাকে ঘিরে ছিল ভবিষ্যতের নানা স্বপ্ন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আলিম পরীক্ষায় পাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাকিব।
গতকাল রবিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের রামগঞ্জের পদ্মা বাজার এলাকায় বিআরটিসির একটি বাসের চাপায় তার মৃত্যু হয়। তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাসটি তাকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত সাকিব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারী বাড়ির আনিছুর রহমানের একমাত্র ছেলে। সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হন। তিনি লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাজ করতেন। গতকাল রবিবার কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় পৌঁছালে বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এদিকে সাকিবের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনার প্রতিবাদে রামগঞ্জের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানান। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।’