Image description

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্প এলাকায় ব্যাপক বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের পর থেকে এসব এলাকার বিভিন্ন কারখানার আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে নেমে এলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের খাবারের বিরতির পর কাশিমপুর শিল্প অঞ্চলের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। তারা অবিলম্বে ন্যূনতম বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানান। আন্দোলন শুরু হতেই কাশিমপুরের পাশাপাশি জরুন এলাকার রিপন গ্রুপ, ইসলাম গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, কটন ক্লাব, মন্ডল গ্রুপ ও মাল্টি ফ্যাবস লিমিটেডসহ আশপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন।

 
 
 

একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা মিছিল নিয়ে কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় পৌঁছান। সেখানে তারা অন্যান্য কারখানার শ্রমিকদের কাজের পরিবেশ থেকে বেরিয়ে এসে আন্দোলনে একাত্মতা প্রকাশের আহ্বান জানান। বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সময় ওই অঞ্চলের অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ সাময়িকভাবে ছুটি ঘোষণা করে।

 
 

কারখানা থেকে বের হয়ে শ্রমিকরা একজোট হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের কোনাবাড়ী অংশের উভয় পাশে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

সংবাদ পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় আন্দোলনরত শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গলি ও আশপাশের এলাকায় সরে যান।

পরে পুনরায় আবারো শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বর্তমানে ওই সড়কটির যান চলাচল বন্ধ আছে।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বেশ কিছু কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে যানচলাচল পুনরায় স্বাভাবিক হয়। পরে আবারো মৌচাক এলাকায় সংঘবদ্ধ হয়ে সড়ক অবরোধ করে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এলাকাজুড়ে চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।