Image description

দুর্নীতির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর একে এম মমিনুল হক সাঈদকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

 

ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হামিদুল ইসলাম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

 

দুদক প্রসিকিউটর এস.এম আবুল কালাম (আজাদ) সাজার তথ্য নিশ্চিত করে বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আসামিকে পাঁচ বছরের কারাণ্ড এবং অপরাধমূলক অসদাচরণে দায়ে তাকে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ২ কোটি ৯৩ লাখ টাকা ক্রোককৃত সম্পত্তি বাজেয়াপ্ত এবং ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত সম্পদ জরিমানা করা হয়েছে।

 

চার কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৯ সালের ২০ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের সহকারি পরিচালক আতাউর রহমান সরকার মামলা করেন।

 

মামলায় অভিযোগ করা হয়, অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবস্যাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে তিনি এই সম্পদ অর্জন করেন। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৭ এপ্রিল আতাউর রহমান সরকার আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে ৫ কোটি ৫০লাখ ৩৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের তথ্য পান তদন্ত কর্মকর্তা। সে তথ্য আদালতে উপস্থাপন করেন।

 

এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ১৩ জনেরই সাক্ষ্য নেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে আজ আসামির সাজার রায় এলো।