সকালে ব্যাটিং ধসে ২৭২ রানে গুটিয়ে গেলেও বিকেলে তাইজুল ও মিরাজের স্পিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান তুলে চাপে রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনশেষে ১৩৮ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা।
এর আগে সকালে সাদমান ইসলামের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করলেও ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যানের তোপে পড়ে বাংলাদেশ। দলীয় ২২১ রানে চতুর্থ উইকেট হারানোর পর মাত্র ৫৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শেষ ব্যাটার শরিফুল ইসলামকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন ওয়ারিক্যান।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মাথায় প্রথম ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। পেসার হাসান মাহমুদের বলে জাকের আলীর ক্যাচে পরিণত হয়ে ১৫ রানে বিদায় নেন ওপেনার ব্র্যান্ডন কিং। তবে এরপর আরেক ওপেনার জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল দলের হাল ধরেন। ইনিংসের শুরুতে বাংলাদেশি ফিল্ডারদের ব্যর্থতায় দুবার জীবন পান ক্যাম্পবেল; ৫ রানে হাসানের বলে নাঈম হাসান এবং ২২ রানে শরিফুল নিজের বলে তাঁর সহজ ক্যাচ ফেলেন। জীবন পেয়ে হাত খুলে খেলে মিরাজকে চার ও ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ এবং টানা তৃতীয় ফিফটি তুলে নেন ক্যাম্পবেল। চা বিরতির আগে ১ উইকেটে ৮৯ রান তোলে সফরকারীরা।
আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে চা বিরতির পর প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকে। বিকেল ৩টা ২৫ মিনিটে খেলা শুরু হতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন বাংলাদেশের স্পিনাররা। ইনিংসের ৩২তম ওভারে মিরাজের বলে স্লিপে শান্তর ক্যাচে ৫৪ রানে বিদায় নেন ক্যাম্পবেল। এরপর ৩৬তম ওভারে ঘূর্ণিজাদু দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ওভারের প্রথম বলে কাভেম হজকে (৭) সিলি পয়েন্টে মুমিনুল হকের ক্যাচ বানান তিনি। পঞ্চম বলে স্লগ সুইপ খেলতে যাওয়া আমির জাঙ্গুকে শূন্য রানে তানজিদ হাসানের ক্যাচে পরিণত করেন। তাইজুলের জোড়া আঘাতে ১০১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
দ্রুত তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন চন্দরপল ও জাস্টিন গ্রিভস। তবে আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা লাইট মিটার দিয়ে পরীক্ষা করে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা সমাপ্ত করেন। দিন শেষে ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপল ৪৩ রানে অপরাজিত আছেন। সফরকারীরা এখনো বাংলাদেশের চেয়ে ১৩৮ রানে পিছিয়ে রয়েছে। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম দুটি এবং হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২/১০ (সাদমান ১০৫; জোমেল ৫/৫৩)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৪/৪ (২৭ ওভার) (ক্যাম্পবেল ৫৪, চন্দরপল ৪৩*; হাসান ১/২৫, তাইজুল ২/৪৪)