Image description

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফ করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক তিন ছাত্রের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি জানিয়েছেন—দলীয় পরিচয় নয়, কৌতূহল থেকেই হয়তো তাঁরা কেন্দ্রে গেছেন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এ কথা জানান।

 

উপ নির্বাচনে ভোট দিতে গিয়ে তিনজন ছাত্রকে ভুয়া ভোটার হিসেবে গ্রেপ্তার হয়েছে। তাদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা এই প্রশ্নে ইসি সচিব বলেন, ‘বর্তমানে আমরা ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীদের নিবন্ধন করে থাকি এবং নিবন্ধনবলে তারা একটি কার্ড পান। সেই কার্ড নিয়ে তারা গেছেন। তারা ভোটার নন। ভোটার না হওয়ার কারণে তারা ভোট দিতে পারেননি। এখানে তাদের দলীয় পরিচয়ের ব্যাপার নেই। কৌতূহলটাই হয়তো বড় কিছু।’

 

ব্রিফিংয়ে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

 

তিনি বলেন, ‘সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টায় সব কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ভোটকেন্দ্রে ভোটার অপেক্ষমাণ নেই। সবাই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।’

 

তিনি আরও বলেন, ‘আমরা বেলা ২টা পর্যন্ত যে ডেটা পেয়েছি, সে অনুযায়ী ৪৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। স্বাভাবিকভাবে বিকেল ৪টায় ভোটের পরিমাণটা আরও বাড়বে। গণনা শেষে কত পারসেন্ট ভোট কাস্ট হয়েছে তা বলা যাবে। গণনার কার্যক্রম শুরু হয়েছে।’

 

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনিয়মের অভিযোগ করা হচ্ছে জানালে তিনি বলেন, ‘আমার জানামতে কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। আপনারাও কোনো কিছু পেয়েছেন বলে আমি জানি না। এখন এটুকুই হচ্ছে আমার বক্তব্য।’

 

গণমাধ্যমে ছড়িয়ে পড়া আগের রাতে ব্যালট পেপার বাক্সে ভরে রাখার ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এটা এই মুহূর্তে টু আর্লি টু কমেন্ট (মন্তব্য করার সময় এখনো হয়নি)।’

 

কয়েকটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের কার্ডে ছবি না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার সেখানে যান এবং নিশ্চিত করেন ডাটাবেজের সঙ্গে ওই ব্যক্তির পরিচয় ঠিক আছে কিনা। সেখানে যে প্রার্থীর এজেন্ট ছিলেন, তাদেরকে সন্তুষ্ট (স্যাটিসফাই) করা হয়েছে যে, ব্যক্তি ওখানে ভোটগ্রহণ করছেন তিনি সঠিক। তার কাছে যে ডাটাবেজ রয়েছে, সেটার সঙ্গে তিনি মিলিয়ে পরিচয় নিশ্চিত করেছেন।’