পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু ও দাফন ঘিরে প্রকাশিত সংবাদের বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা ও এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট বিষয়াদি যাচাইয়ের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে ঘটনার বিস্তারিত বিবরণ, মানিক পশারী-এর মৃত্যু ও তার মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের আলোকে ও আদর্শে পরিচালিত। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে মন্ত্রণালয় যেমন মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাতিলের জন্য কাজ করছে, তেমনি কোনও প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মান ও মর্যাদা যাতে অবমূল্যায়িত না হয়, সে বিষয়েও মন্ত্রণালয়ের অবস্থান সুস্পষ্ট। পাশাপাশি কোনও মুক্তিযোদ্ধা কোন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হলে বা কোনও সংগঠন বা গোষ্ঠীর হয়ে ব্যবহৃত হলে তার দায় তাকেই নিতে হবে।
এতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের আলোকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। মন্ত্রণালয় রাষ্ট্রের স্রষ্টাদের সম্মানে সদা সচেষ্ট আছে। কোনও জালিয়াত ব্যক্তি বা গোষ্ঠীর স্রষ্টার নাম ব্যবহার রাষ্ট্রকে যাতে সংকটে ফেলতে না পারে মন্ত্রণালয় তার জন্য সজাগ রয়েছে।