Image description

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিবৃতিতে এ দাবি জানান জামায়াতের এ নেতা।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বললেন, একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ নদ থেকে উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এভাবে একজন সাবেক সামরিক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা রয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এ নেতা। তার অভিযোগ, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে। যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারাই আবার বিরোধী দলের নেতাদের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

‘এ ধরনের কর্মকাণ্ড হাস্যকর ছাড়া আর কিছুই নয়’, যোগ করেন গোলাম পরওয়ার।

তাহসিফের মৃত্যুর ঘটনার তদন্ত দ্রুত করার দাবি জানিয়েছেন জামায়াতের এ নেতা। বললেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ কী, কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারেন না।

মিয়া গোলাম পরওয়ার নিহত তাহসিফ সাউরির রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাহসিফের পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার বিকালে রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ি নৌঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাহসিফের মরদেহ। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি তিনি।