Image description

রাজশাহী রেল স্টেশনে দুই যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত সিপাহী আমিনুল ইসলাম পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম। তিনি জানান, অভিযুক্ত সিপাহীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই যাত্রীর একজন রুবেল (২৫)। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারপাড়া গ্রামে। অপর যাত্রী অলিউল্লাহর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামে।

 

গত বুধবার রাতে কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান তারা। রাত বেশি হওয়ায় অন্য কোথাও না গিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেখানে বসে খাবার খাওয়ার সময় আরএনবির সিপাহী আমিনুল ইসলাম পলাশ ও তার সঙ্গে থাকা আরও দুই জন তাদের কাছে যান।

ওই তিনজন দুই যাত্রীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা নিয়ে চলে যান তারা।
ঘটনার রাতেই আরএনবির রাজশাহী স্টেশন চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। অভিযোগ দেওয়ার পরদিন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহী তাদের সঙ্গে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেন বলে জানা গেছে।

 

তবে অভিযোগ প্রত্যাহারে রাজি হননি দুই যাত্রী। এরপর স্টেশন ছেড়ে চলে যান আমিনুল। বৃহস্পতিবার দিনভর তাকে স্টেশনে দেখা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম বলেন, ‘আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অভিযুক্ত সিপাহী আরও দুই জনের সহযোগিতায় দুই যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে।’

তিনি আরও জানান, পূজার ছুটির কারণে অফিস বন্ধ থাকায় আগামী রবিবার (২৫ অক্টোবর) অভিযুক্ত সিপাহীকে তিন দিনের সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।