মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের দলীয় সুসময়ে যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন নোয়াখালীর চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ সম্বোধন করে লেখা এক খোলা চিঠিতে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে প্রকাশিত এক পোস্টে এ খোলা চিঠি দেন মাসুদ রানা।
চিঠিতে বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগের চিত্র তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় ও উচ্চপর্যায়ের নেতাদের পাশাপাশি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আন্দোলনে সক্রিয় কর্মীদেরও দলীয় নেতৃত্বের কাছে মূল্যায়নের দাবি জানান এই যুবদল নেতা।
মাসুদ রানা নিজেও বিগত সরকারের আমলে রাজনৈতিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে কখনো ঢাকা, কখনো নোয়াখালী জেলা সদর, আবার কখনো নিজ উপজেলায় হামলার মুখে পড়েছেন তিনি। রাজনৈতিক কারণে একাধিকবার পুলিশের হাতে আটক হয়ে মাসের পর মাস কারাগারেও থাকতে হয়েছে তাকে।
নিজের অভিজ্ঞতার আলোকে চিঠিতে তিনি বলেন, বিগত দিনের স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে শুধু কেন্দ্রীয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাই ভূমিকা রাখেননি। বরং জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের লাখ লাখ সাধারণ কর্মী ফ্যাসিবাদের হামলা, মামলা, নির্যাতন ও কারাবরণের মুখোমুখি হয়েছেন। পারিবারিক ও ব্যক্তিগত জীবনে চরম প্রতিকূলতা এবং অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েও তৃণমূলের কর্মীরা কখনো রাজপথ ছেড়ে যাননি।
ফেসবুক পোস্টে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের যোগাযোগ ও সাক্ষাতের সুযোগ নিয়ে প্রশ্ন তুলে মাসুদ রানা লেখেন, ‘আজ যদি কেবল কেন্দ্রীয় ও উচ্চপর্যায়ের নেতারাই শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান, তবে তৃণমূলের এই নিবেদিতপ্রাণ কর্মীদের দুঃখ-কষ্ট ও ত্যাগের কথা কে তুলে ধরবে? একটি রাজনৈতিক দলের আসল চালিকাশক্তিই হলো তার তৃণমূলের নেতাকর্মীরা। তাদের অবমূল্যায়ন করে সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা কোনোভাবেই সম্ভব নয়।’
তিনি আরও উল্লেখ করেন, দলে নেতাকর্মী মূল্যায়নের প্রধান মাপকাঠি কোনো পদ-পদবি বা বাহ্যিক পরিচয় হওয়া উচিত নয়। বরং অতীত আন্দোলনে দলের প্রতি নিবেদিত ত্যাগ, রাজপথের সক্রিয় অবদান এবং দলের আদর্শের প্রতি খাঁটি ভালোবাসাই হওয়া উচিত মূল্যায়নের একমাত্র মাপকাঠি।
দলে নেতাকর্মীদের মূল্যায়নের ক্ষেত্রে পদ-পদবি কিংবা বাহ্যিক পরিচয়ের পরিবর্তে অতীত আন্দোলনে ত্যাগ, রাজপথে সক্রিয় ভূমিকা এবং দলের আদর্শের প্রতি আন্তরিকতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
চিঠির শেষাংশে মাসুদ রানা আশা প্রকাশ করেন, দলীয় সুসময়ে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের লড়াকু নেতাকর্মীদের সঙ্গেও শীর্ষ নেতৃত্ব সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করবেন।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে আরও সুসংগঠিত, শক্তিশালী ও তৃণমূলবান্ধব রাজনৈতিক সংগঠনে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চাটখিল পৌর যুবদলের এই আহ্বায়ক।