জামালপুরের মেলান্দহে ‘রানিং ক্ষমতায় বিএনপি, দুই-চারটা সাংবাদিক পুলিশ প্রশাসনের লোকদের পিটাপিটি না করলে ছাত্রদল হয়ে কি হইলো?’ এমন একটি হুমকির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আজমাইন হোসেন লাঞ্জু নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজমাইন হোসেন লাঞ্জু উপজেলার পূর্ব মালঞ্চ এলাকার সুজা মিয়ার ছেলে। সে উপজেলা ছাত্রদলের একজন সর্মথক বলে জানা গেছে।
জানা যায়, সম্প্রতি মেলান্দহ উপজেলা ছাত্রদলের একটি মেসেঞ্জার গ্রুপে সাংবাদিক ও পুলিশকে পেটানোর হুমকি দেওয়া ২০ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ওই অডিওতে আটক লাঞ্জুকে বলতে শোনা যায়, ‘রানিং ক্ষমতায় বিএনপি দুই-চারটা সাংবাদিক আর পুলিশ প্রশাসন যদি পেটাতে না পারি, ছাত্রদল হয়ে তাহলে কী হইল, কন।’ এসময় উপজেলা ছাত্রদলের আরেক নেতা জুয়েলের অনুমতি প্রসঙ্গে সে বলেন, জুয়েল ভাই যদি বলে তাহলে সেই লেভেলের পিটন দেই সাংবাদিকদের। পরে এমপির সাবের লগে কথা বইলে দিমু চালান।’
এ ছাড়া কয়েকজন নেতার কথোপকথনে সংবাদ সংগ্রহে দলীয় কার্যালয়ে সাংবাদিক গেলে দরজা বন্ধ করে মারধর এবং পরে সংসদ সদস্যকে জানিয়ে থানায় সোপর্দ করার কথা বলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে লাঞ্জুকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, সাংবাদিক ও পুলিশকে পেটানোর হুমকির অডিও ছড়িয়ে পড়ার পর জামালপুর পুলিশ সুপারের পরামর্শক্রমে মেলান্দহ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।।
তিনি আরও বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনবিরোধী কাজ করলে কেউ ছাড় পাবে না।’