Image description

ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে আগামী ৩১ অক্টোবর লংমার্চ সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জামায়াতে ইসলামী। বহরে থাকবে এক হাজার গাড়ি।

 

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে লংমার্চের সূচনা হবে। এতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেবেন।

 

লংমার্চের সার্বিক পথনকশা অনুযায়ী, উদ্বোধনী সমাবেশ শেষে প্রায় ১ হাজার গাড়ির বহর নিয়ে সকাল ৮টায় লংমার্চটি মাওয়া সড়ক ও পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, ফকিরহাট (বাগেরহাট) ও রূপসা ব্রিজ হয়ে খুলনায় প্রবেশ করবে। পরবর্তীতে এটি যশোর ও ঝিনাইদহ অতিক্রম করে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। এতে সাধারণ জনতার পাশাপাশি মিডিয়াকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

 

দিনব্যাপী লংমার্চ শেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে এক সমাপনী সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে লংমার্চের বহর শেষবারের মতো মিলিত হবে।

 

প্রস্তুতি সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. মুহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা নেতারা উপস্থিত ছিলেন।

 

লংমার্চে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দায়িত্বশীলদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।